ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর সোলার সেচ পাম্পের ইনভার্টার চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের কাজিপুর গ্রামের আটক রনির বাড়িতে অভিযান চালিয়ে চোরাই ইনভার্টারটি উদ্ধার করা হয়। এ সময় দুজনকে আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—কাজিপুর গ্রামের রবকুলের ছেলে মো. রনি (৩৫) এবং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পারগোয়াল গ্রামের মিরাজুলের ছেলে মো. সোহেল রানা (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গাংনীর পিরতলা গ্রাম থেকে সম্প্রতি একটি সোলার সেচ পাম্পের ইনভার্টার চুরি হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মালিকের অভিযোগের ভিত্তিতে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা চোরাই মালামাল উদ্ধারে তৎপর হন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর গ্রামের রনির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুরি হওয়া ইনভার্টারটি উদ্ধারসহ দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শিমুল জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
