মেহেরপুরের গাংনীতে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামে করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বামন্দী পুলিশ ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন—করমদী গ্রামের আসলাম হোসাইনের ছেলে আজমাইল হোসাইন (২২) এবং একই গ্রামের পাগলা ব্রিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে সমিরুল ইসলাম (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা করমদী মাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকায় টহল ও তল্লাশি চালান। এ সময় সন্দেহভাজন দুই তরুণকে আটক করে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
