ছবি: সংগৃহীত
চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন জড়িত। তাই চট্টগ্রামের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে প্রয়োজনীয় সব পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, মহেশখালীর পাশাপাশি খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।
শুক্রবার বিকেলে নগরের পলোগ্রাউন্ড মাঠে চিটাগাং চেম্বার আয়োজিত ৩২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘চট্টগ্রামের উন্নয়নের সঙ্গে বাংলাদেশের উন্নয়ন জড়িত। মাননীয় প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন নিয়ে আমরা এ কাজ করছি। তিনি চান, চট্টগ্রামের সম্ভাবনাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে। সেই কারণে চট্টগ্রামের সম্ভাবনাকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজনীয় সব পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।’
দেশের প্রতিটি অঞ্চলের আলাদা অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কোনো অঞ্চলের সম্ভাবনা অন্য অঞ্চলে নেই। তাই সরকারের অর্থনৈতিক পরিকল্পনায় প্রতিটি এলাকার নিজস্ব সম্ভাবনাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিনিয়োগ ও অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘যে প্রকল্প লাভজনক হবে, সে প্রকল্পে অর্থের কোনো সমস্যা নেই। আমাদের অর্থায়ন চলছে, উন্নয়ন পরিকল্পনা ও কর্মসূচি এগিয়ে যাচ্ছে। জাপান ও কোরিয়ার বিনিয়োগকারীরা আসছেন। বিশ্বের বড় বড় ইক্যুইটি হোল্ডারও বাংলাদেশে আসছেন।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যের কথা জানিয়ে আমীর খসরু বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। ইনশা আল্লাহ, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হবে।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৮০ বিলিয়ন ডলারের উন্নয়ন কাঠামো চুক্তিতে চট্টগ্রামের জন্য উল্লেখযোগ্য বিনিয়োগের সুযোগ রয়েছে। চট্টগ্রামে পরিকল্পিত লজিস্টিক সেন্টারগুলো নির্মাণে এডিবির সমর্থন রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), জাইকা, কোরিয়া ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়ন যুক্ত হবে। চট্টগ্রামে হেলথ সিটি প্রতিষ্ঠার ক্ষেত্রেও এডিবির অর্থায়ন ও সমর্থন রয়েছে বলে জানান তিনি।
মহেশখালীর পাশাপাশি খুলনাতেও গভীর সমুদ্রবন্দর
চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দর বর্তমানে নদীবন্দর। এ বন্দরে বড় জাহাজ ভেড়ানোর ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ ও বড় জাহাজ চলাচলের সুবিধা তৈরিতে গভীর সমুদ্রবন্দর প্রয়োজন।
তিনি বলেন, ‘মহেশখালীতে পূর্ণাঙ্গ গভীর সমুদ্রবন্দর হবে। আরেকটি খুলনাতেও হবে। সেখানে ১৫ থেকে ২০ মিটার ড্রাফট আছে। সেখানে গভীর সমুদ্রবন্দর হবে।’
চট্টগ্রাম থেকে শুরু করে পুরো অঞ্চলের শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য সচল রাখতে জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তিনি বলেন, খুলনা অঞ্চলের জন্য আরেকটি এনার্জি হাব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লজিস্টিক খাত বেসরকারি বিনিয়োগের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বড় পরিসরে অংশগ্রহণ চায় সরকার।
গ্যাসের সংকট কাটাতে দুই বছর সময়
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারের পরিকল্পনা তুলে ধরে আমীর খসরু বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ আসছে। পাশাপাশি মহেশখালীতে উপকূলভিত্তিক গ্যাস সরবরাহের জন্য একটি কোরীয় কোম্পানি কাজ শুরু করেছে। একই ধরনের উদ্যোগে যুক্ত হচ্ছে একটি জাপানি কোম্পানিও। এসব উদ্যোগ বাস্তবায়নে আরও দুই বছর সময় প্রয়োজন।
অর্থমন্ত্রী বলেন, ‘অনেকে বলছেন, কালকেই গ্যাসের সমস্যা সমাধান হয়ে যাবে, পরশু সমাধান হয়ে যাবে। এটা বলা ঠিক হবে না। আমরা যে গভীর সংকটে, যে গভীর খাদে আছি, সেখান থেকে বের হতে সময় লাগবে।
তিনি বলেন, বিগত সরকারগুলোর দুর্নীতির কারণে দেশের ওপর বড় অঙ্কের ঋণের বোঝা চেপে বসেছে। ব্যাংকিং খাত ও শেয়ারবাজারের সমস্যাগুলোও সমাধান করতে হচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উচ্চমূল্যে জ্বালানি কিনতে হচ্ছে। এত চ্যালেঞ্জের মধ্যেও সরকার উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনা নিয়েছে।
চট্টগ্রাম হবে সারা দেশের লজিস্টিক হাব
চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামের মূল সম্ভাবনা বন্দরকে ঘিরে। বন্দরকেন্দ্রিক অর্থনীতির মাধ্যমে চট্টগ্রামকে দেশের সব অঞ্চলের বাণিজ্যিক ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের দক্ষতা আন্তর্জাতিক মানে উন্নীত করতে বেসরকারি খাতের পরিচালনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে শিগগিরই সম্প্রসারণকাজ শুরু হবে। বিমানবন্দরের ভৌত অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি কার্গো ভিলেজ নির্মাণ করা হবে। এ জন্য ইতিমধ্যে ২০০ থেকে ৩০০ একর জমি চিহ্নিত করা হয়েছে। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা হবে।
আমীর খসরু বলেন, ‘চট্টগ্রামে শিল্পায়ন করতে হলে শুধু বন্দরকে লজিস্টিক হাব করলে হবে না, বিমানবন্দরকেও লজিস্টিক হাব করতে হবে। এখানে কার্গো ভিলেজ হবে, পোর্ট চেইনের জন্য আলাদা স্টোরেজ থাকবে। এখান থেকে শুধু চট্টগ্রামকে সেবা দেওয়া হবে না, সারা বাংলাদেশকে সেবা দেওয়া হবে।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। এ ছাড়া চট্টগ্রামের একাধিক সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার শুরু হওয়া মাসব্যাপী এ বাণিজ্য মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশের টিকিটের মূল্য ৩০ টাকা। দেশি-বিদেশি ৩০০টির বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন ও ২১৬টি স্টল রয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা মেলায় অংশ নিচ্ছেন।
