সেমন্তি সৌমি
সেমন্তি সৌমি। গত বৃহস্পতিবার মিউজিক প্যারাডিম কোম্পানির ব্যানারে প্রকাশ হয়েছে তাঁর মিউজিক ভিডিও ‘উড়ে উড়ে যায়’। নতুন কাজ, দীর্ঘ বিরতির পর মডেল হয়ে ফেরা এবং অভিনয়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।
সাত বছর পর আবারও মিউজিক ভিডিওতে। কাজের অভিজ্ঞতা কেমন?
সত্যি বলতে, মিউজিক ভিডিওর সঙ্গে আমার একটা আলাদা ভালো লাগার জায়গা রয়েছে। একটা সময় নিয়মিতই মিউজিক ভিডিওতে কাজ করতাম। প্রায় প্রতি মাসেই নতুন কোনো গানের ভিডিওতে অংশ নেওয়া হতো। পরে বিভিন্ন কারণে এই মাধ্যমে কাজ করা হয়নি। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেছে। প্রায় সাত বছর পর আবারও নতুন একটি মিউজিক ভিডিওতে কাজ করলাম। তাই অভিজ্ঞতাটা আমার কাছে বেশ আনন্দের। দীর্ঘ বিরতির পর এমন একটি কাজের মাধ্যমে দর্শকের সামনে আসতে পারাটা ভালো লাগছে। আশা করছি, ‘উড়ে উড়ে যায়’ দর্শকের ভালো লাগবে।
‘উড়ে উড়ে যায়’ গানটির বিশেষত্ব কী?
গানটির বিশেষত্ব হচ্ছে, এটি একটি আনন্দমুখর ও নাচের আবহের গান। সামনে শীত আসছে, পাশাপাশি শুরু হচ্ছে বিয়ের মৌসুম। সেই সময় ও উৎসবের আমেজ মাথায় রেখেই গানটি তৈরি করা হয়েছে। আমার কাছে গানটি বেশ ভালো লেগেছে। সুস্মিতা আনিস, প্রীতম হাসান ও মাস্টার-ডির কণ্ঠে গানটি অন্যরকম মাত্রা পেয়েছে। সৈয়দ আতীক দারুণ কথা লিখেছেন। মাস্টার-ডি সুর ও সংগীতায়োজন করেছেন। সব মিলিয়ে গানটির সঙ্গে কাজের অভিজ্ঞতা উপভোগ করেছি। আগা নাহিয়ান আহমেদের পরিচালনায় গাজীপুরে এর দৃশ্যধারণ হয়েছে।
গানটিতে কেমন সাড়া পাচ্ছেন?
গত বৃহস্পতিবার গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া মিলছে। অনেকেই গান ও ভিডিওটির প্রশংসা করছেন। বিশেষ করে দীর্ঘ সাত বছর পর মিউজিক ভিডিওতে আমার ফিরে আসা নিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। বিষয়টি আমার জন্য আনন্দের। এত দিন পর নতুন এই কাজ দর্শকের কাছে পৌঁছেছে, তাদের ভালো লাগছে জেনে সত্যিই ভালো লাগছে। আশা করছি, এই ভালোবাসা অব্যাহত থাকবে।
ভিডিওতে আপনার সহশিল্পী আবদুন নূর সজল। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
তারকা অভিনেতা সজল ভাইয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা সব সময়ই মজার। তাঁর সঙ্গে কাজ করলে একটা স্বতঃস্ফূর্ত পরিবেশ পাওয়া যায়। এই ভিডিওতেও আমরা বেশ আনন্দ নিয়ে কাজ করেছি। যেহেতু গানটি নাচের, তাই দৃশ্যধারণের সময় অনেকটা সময় ধরে নাচের দৃশ্য করতে হয়েছে। সারারাত জেগে কাজ করেছি। কিন্তু পুরো সময়টাই আনন্দের মধ্য দিয়ে কেটেছে। ক্লান্তি থাকলেও কাজের প্রতি ভালো লাগা থেকে সেটি খুব একটা অনুভব করিনি। আশা করছি, পর্দায় আমাদের রসায়ন দর্শকের ভালো লাগবে।
একসময় নিয়মিত মিউজিক ভিডিওতে কাজ করতেন। এত দীর্ঘ বিরতি কেন?
একটা সময় মিউজিক ভিডিওর কাজ নিয়ে বেশ ব্যস্ততা ছিল। নিয়মিতই বিভিন্ন গান ও নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হতো। তবে সময়ের সঙ্গে কাজের ধরন ও ব্যস্ততায় পরিবর্তন এসেছে। নাটকের কাজসহ অন্যান্য ব্যস্ততার মধ্যেও সময় কেটেছে। ফলে মিউজিক ভিডিওতে নিয়মিত হওয়া হয়নি। তবে মিউজিক ভিডিওর প্রতি আগ্রহ কখনোই কমেনি। ভালো গান, ভালো গল্প ও মানসম্মত নির্মাণের সুযোগ পেলে কাজ করতে সব সময়ই ভালো লাগে। ‘উড়ে উড়ে যায়’ তেমনই একটি কাজ। সাত বছর পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে ভালো লাগছে।
মিউজিক ভিডিওর পাশাপাশি ছোট পর্দায়ও ব্যস্ততা রয়েছে। সামনের পরিকল্পনা কী?
অভিনয়ের জায়গাটি সব সময়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। মিউজিক ভিডিওতে কাজের পাশাপাশি নাটকের কাজও চালিয়ে যাচ্ছি। কিছুদিন আগে জাহের আলভীর বিপরীতে একটি নাটকে অভিনয় করেছি। নাটকটি পরিচালনা করেছেন মাহমুদুল রানা। এখনও নাটকটির নাম চূড়ান্ত হয়নি। নতুন এই কাজটি নিয়েও আমি আশাবাদী। আমি চাই, অভিনয়ের বিভিন্ন মাধ্যমে নিয়মিত কাজ করতে। তবে শুধু কাজের সংখ্যার দিকে না তাকিয়ে কাজের মান ও চরিত্রের বৈচিত্র্যকে গুরুত্ব দিতে চাই। যে কাজের গল্প ভালো, চরিত্রে নতুনত্ব আছে এবং দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে, সেসব কাজেই আগ্রহ বেশি। মিউজিক ভিডিও হোক কিংবা নাটক–প্রতিটি কাজেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে। দর্শকের ভালোবাসা ও সমর্থন নিয়েই সামনে এগিয়ে যেতে চাই।
