বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মিয়াদুল ইসলাম
অক্টোবর ২৮, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক শিল্পী রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক নেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহমেদ সভাটি সঞ্চালনা করেন।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও সাধারণ মানুষের নৈতিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সভায় বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল হান্নান, বিআরটিএর মোটরযান পরিদর্শক সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, বাস-মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন এবং ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি এস এম আকিব।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। সড়কে দুর্ঘটনা কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং চালক ও পথচারীদের মধ্যে পারস্পরিক দায়িত্ববোধ তৈরি করা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, চালক ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্বশীল আচরণ এবং আইন মেনে চলার মাধ্যমে মেহেরপুরের সড়কগুলোকে আরও নিরাপদ ও ঝুঁকিমুক্ত করা সম্ভব বলে মত প্রকাশ করেন বক্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।