শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্স কলেজ কার নির্দেশে ক্যাম্পাসে পুলিশ প্রবেশ, জবাব চান শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৬ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সাইন্সের ক্যাম্পাসে পুলিশ প্রবেশের ঘটনায় কার নির্দেশ ছিল, তা জানতে চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, গভীর রাতে ক্যাম্পাসে প্রবেশ করে পুলিশ নারী শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও শারীরিক নির্যাতন চালিয়েছে। তবে কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ ডাকা হয়নি বলে জানিয়েছেন উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানেরা।

শনিবার শিক্ষার্থীদের সঙ্গে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক হাবিবা ইয়াসমিন ও বিভিন্ন বিভাগের প্রধানদের আলোচনা সভা হয়। পরে শিক্ষার্থীদের প্রকাশিত এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সভার আলোচনার বিষয়গুলো তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানেরা তাদের বলেছেন, ক্যাম্পাসে পুলিশ প্রবেশের বিষয়ে তারা কিছুই জানতেন না। এমনকি কলেজ প্রশাসনের পক্ষ থেকে পুলিশও ডাকা হয়নি। তাহলে কার নির্দেশে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ ও নির্যাতন চালিয়েছে, সেই প্রশ্নের জবাব চান তারাকলেজ প্রশাসন পুলিশ না ডাকলে গভীর রাতে ক্যাম্পাসে পুলিশ প্রবেশের অনুমতি কে দিয়েছিল, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে জবাবদিহি দাবি করেছেন তারা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তা ও নির্দেশদাতাদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীরা আরও জানান, উপাধ্যক্ষ তাদের বলেছেন, অধ্যক্ষ ড. মেহেরুন্নেছা বেগমের সঙ্গে তার কথা হয়েছে। অধ্যক্ষ নিশ্চিত করেছেন, শিক্ষার্থীরা তাকে আক্রমণ বা শারীরিকভাবে হেনস্তা করেননি। এ ছাড়া উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধানেরা শিক্ষার্থীদের আন্দোলনকে অরাজনৈতিক, অহিংস ও শান্তিপূর্ণ বলে স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।