রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ঘরের দরজা খুলতেই ছুরিকাঘাত, অজ্ঞাত যুবকের হামলায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রীর

মোঃ রাজিব শিকদার
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ঘরের দরজা খুলতেই এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কোনো একসময় কোনাবাড়ী থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের আমবাগ এলাকার আতাউর মার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সানজিদা আক্তার (২৪)। তিনি বরিশাল সদর থানার উলাল বাটনা গ্রামের শাজাহান হাওলাদারের মেয়ে এবং মো. জুয়েলের স্ত্রী। তার স্বামী বর্তমানে ওমানে প্রবাসী বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সানজিদা আক্তার আমবাগের আতাউর রহমানের বাড়ির পূর্ব পাশে একটি টিনশেড ঘরে অবস্থান করছিলেন। ঘটনার সময় অজ্ঞাতপরিচয় এক যুবক ওই বাসায় এসে সানজিদার ভাই সাজ্জাদকে ডাকেন। একপর্যায়ে সানজিদা ঘরের দরজা খুলে বাইরে আসা মাত্রই ওই যুবক তাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় সানজিদাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর তার নিকটাত্মীয় সাথী নামে এক নারীর সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে আরও জানা যায়, নিহত সানজিদার স্বামী মো. জুয়েল ওমানে প্রবাসী। স্বামী বিদেশে থাকা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে হয়।

খবর পেয়ে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বা অভিযুক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।