শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

পৌনে এক মিনিটেই ছত্রভঙ্গ—উদ্ধার ৫ অবিস্ফোরিত ককটেল। ছবি সংগৃহীত

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেছেন। শুক্রবার দুপুরে গুলশান–১ এলাকায় বের করা ওই মিছিল থেকে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে পাঁচটি অবিস্ফোরিত ককটেল।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সমকালকে বলেন, মিছিলের চেষ্টা করা হলে পুলিশ দ্রুত তাদের ছত্রভঙ্গ করে দেয়। মিছিলটি মাত্র পৌনে এক মিনিট স্থায়ী হয়। এর মধ্যেই দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশের ছোড়া রাবার বুলেটে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ওসি জানান, মিছিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান–১-এর ভোলা মসজিদের সামনে থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করেন। পুলিশ এগিয়ে গেলে মিছিলকারীরা ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আরাফাত ও আব্দুর রহিম। পুলিশ জানিয়েছে, তাদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকশ’ লোক মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। এ সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।