মাছ ব্যবসায়ী রাব্বীকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, মোবাইল নিয়ে বিরোধের তথ্য। প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার সনটেক এলাকা থেকে মো. রাব্বী (২৫) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। শুক্রবার সকালে সনটেক এলাকার সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সমকালকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
পুলিশ সূত্র জানায়, শনির আখড়ার গোবিন্দপুর এলাকায় স্ত্রী ও তিন মাস বয়সী সন্তানকে নিয়ে থাকতেন রাব্বী। যাত্রাবাড়ীতে তার বাবার সঙ্গে একটি মাছের আড়তে কাজ করতেন তিনি। ভোরে সড়কের ওপর রক্তাক্ত অবস্থায় রাব্বীর লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার বিস্তারিত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
পুলিশের এক কর্মকর্তা বলেন, নিহত রাব্বী অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। নিজেদের মধ্যে ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহতের ভাগ্নি সুবর্ণা সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন তাদের বাসায় গিয়ে রাব্বীর মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাব্বীর লাশ দেখতে পান।
এদিকে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইল ফোন নিয়ে বিরোধ এবং নিহতের কথিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে হত্যার যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
