রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গেন্ডারিয়ায় ৪৯ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার,মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

জব্দ করা জাল টাকা। ছবি: র‌্যাবের সৌজন্যে

রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।

গ্রেপ্তার ইমন হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার কালিকা প্রসাদ এলাকায়। তার বাবার নাম মৃত মো. জয়নাল মাতবর।

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, জাল টাকা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর পাড় গেন্ডারিয়ার দয়াগঞ্জ চার রাস্তার মোড়-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ হাতেনাতে ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৪৯ লাখ টাকার জাল নোট।

র‌্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। জব্দ করা জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, জাল নোটের উৎপাদন, সরবরাহ ও বিস্তার রোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।