শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জের উত্তেজনার প্রভাব তুরাগে, সতর্ক অবস্থানে বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে সাম্প্রতিক সংঘর্ষ ও উত্তেজনার প্রভাব পড়েছে রাজধানীর তুরাগ এলাকাতেও। আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গত বুধবার দিনভর এবং রাতভর সতর্ক অবস্থানে ছিলেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা তুরাগের বিভিন্ন মহল্লা এবং ঢাকা-আশুলিয়া মহাসড়কের কয়েকটি পয়েন্টে অবস্থান নেন।

বুধবার রাত ১২টার দিকে ঢাকা-আশুলিয়া মহাসড়কের কামারপাড়া পুলিশ বক্সের সামনে অবস্থান করছিলেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি প্রতিহত করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনকে সহায়তা করতেই হাইকমান্ড ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে আমরা রাত জেগে নজরদারি করছি।

তুরাগ যুবদলের নেতা মামুন পারভেজ তন্ময় জানান, স্থানীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীরের নেতৃত্বে কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে তারা মাঠে ছিলেন।

এলাকাগুলোতে বিএনপি নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে মহল্লায় টহল দেন। শফিকুল ইসলাম বলেন, ‘তুরাগে নৈরাজ্যের চেষ্টা করলে আওয়ামী লীগকে এর মাশুল দিতে হবে। হাইকমান্ডের নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।

কামারপাড়া পুলিশ বক্সে দায়িত্বরত উত্তরা পশ্চিম থানার পুলিশ সদস্যরা জানান, এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত বুধবার (১৮ নভেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এসব ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।