বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, মোটরসাইকেল জব্দ

হারুন অর রশীদ
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ছবি : সমতল মাতৃভূমি

কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় উয়াদ আলী (৭৬) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেছেন নিহতের ছেলে মো. কাজেম আলী।

এজাহার সূত্রে জানা গেছে, নিহত উয়াদ আলী রিফাইতপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনি নিজ বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মো. মোর্সালিম (১৯) দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে ধাক্কা দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মোটরসাইকেলের ধাক্কায় উয়াদ আলী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়, দুর্ঘটনার সময় মোটরসাইকেলে থাকা অন্য ব্যক্তিরাও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি হেফাজতে নেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলে মো. কাজেম আলী বাদী হয়ে মো. মোর্সালিম (১৯), হোসাইন আহমেদ জীবন (১৯), মো. রাব্বি আলী (১৯) ও মো. আল আমিন (১৯)-এর বিরুদ্ধে দৌলতপুর থানায় এজাহার দায়ের করেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

বৃদ্ধ উয়াদ আলীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এজাহারে উল্লিখিত অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। দৌলতপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।