বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় জামিন না পেয়ে আদালতে হট্টগোল, বিচারককে গালি—পুলিশ পেটানোয় আসামির ১ বছরের কারাদণ্ড

বরগুনা (জেলা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

দণ্ডপ্রাপ্ত আসামি বশির। ছবি : পুুলিশের সৌজন্যে

বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালতে হট্টগোল, বিচারকের উদ্দেশ্যে অশোভন মন্তব্য এবং কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে বশির নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ায় দণ্ড ঘোষণার পর বশিরকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা যায়, বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলার শুনানি চলছিল। ওই মামলায় অস্থায়ী জামিনে থাকা আসামি বশিরের জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষিপ্ত হয়ে তিনি আদালতকক্ষে হট্টগোল শুরু করেন। এ সময় বিচারক ও বিচারব্যবস্থা নিয়ে অশোভন মন্তব্য করেন বলেও অভিযোগ ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা বশিরকে আটক করতে গেলে তিনি পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সিদ্দিক নামে এক পুলিশ সদস্যকে মারধর করেন বলেও আদালত সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে আদালত তাৎক্ষণিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

বরগুনা আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, বশিরের জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি আদালতে হট্টগোল করেন এবং বিচারক ও বিচারব্যবস্থা সম্পর্কে অশোভন মন্তব্য করেন। পরে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে তিনি তাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

তিনি আরও বলেন, এ ঘটনায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেছেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।