বাঁ থেকে রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম, মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলীয় সাংগঠনিক কার্যক্রমে গতি আনা এবং সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামকে আরও কার্যকর করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।
নতুন করে জাতীয় স্থায়ী কমিটিতে স্থান পাওয়া চার নেতা হলেন—বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি আশা করে—নবনিযুক্ত সদস্যরা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর অবদান রাখবেন।
নতুন সদস্যদের মধ্যে রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘদিন ধরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করে আসছেন। আমান উল্লাহ আমান এর আগে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই সাংগঠনিক ইউনিটের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে ছিলেন ফরহাদ হালিম। আর মো. ইসমাইল জবিউল্লাহ বর্তমানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিএনপির সর্বশেষ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ। ওই কাউন্সিলের পর জাতীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তী সময়ে সদস্যদের মৃত্যু, পদত্যাগসহ বিভিন্ন কারণে কমিটির কয়েকটি পদ শূন্য হয়ে যায়। দলটি বিভিন্ন সময়ে এসব শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্ত করেছে।
তবে এবার একসঙ্গে চার নেতাকে জাতীয় স্থায়ী কমিটিতে অন্তর্ভুক্ত করায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন সমীকরণ তৈরি হলো। দলের সাংগঠনিক কার্যক্রম ও নীতিনির্ধারণে নতুন সদস্যদের অভিজ্ঞতা কতটা প্রভাব ফেলবে, এখন সেটিই দেখার বিষয়।
