বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে দিনব্যাপী জব ফেয়ারের উদ্বোধন করলেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন

মো. তাজ উদ্দিন
অক্টোবর ২৮, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানে নতুন সম্ভাবনা, অংশ নিয়েছে ৯০টির বেশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান। ছবি: সমতল মাতৃভূমি

তরুণ-তরুণীদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষদতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং বেকারত্ব হ্রাসের লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘জব ফেয়ার দিনাজপুর-২০২৬’। দেশের ৯০টির বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত এ চাকরি মেলা উত্তরাঞ্চলের চাকরিপ্রার্থীদের জন্য খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ জব ফেয়ারের উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘তরুণ-তরুণীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। স্থানীয় পর্যায়ে এ ধরনের আয়োজন বেকারত্ব কমাতে এবং যুবসমাজকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি বলেন, রাজধানীকেন্দ্রিক কর্মসংস্থানের সুযোগের বাইরে উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের জন্য নিজ এলাকায় চাকরির সুযোগ সৃষ্টি করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এতে তাঁদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ হবে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

মন্ত্রী আরও বলেন, দিনাজপুরের তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। তাঁদের মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দিনাজপুরসহ উত্তরাঞ্চলকে সম্ভাবনাময় ও সমৃদ্ধ অঞ্চলে পরিণত করা সম্ভব হবে।

৯০টির বেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

দিনব্যাপী এ চাকরি মেলায় দেশের ৯০টির বেশি দেশি-বিদেশি ও স্বনামধন্য প্রতিষ্ঠান অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি, টেলিযোগাযোগ, স্বাস্থ্যসেবা এবং উন্নয়ন সংস্থা।

মেলায় চাকরিপ্রার্থীদের জন্য সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ, জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়া এবং কর্মসংস্থানবিষয়ক পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়। ফলে চাকরিপ্রার্থীরা এক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পান।

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের উদ্যোগে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য স্থানীয় পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করা। এর মাধ্যমে স্থানীয় তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং তাঁদের স্বাবলম্বী হওয়ার পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

চার উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ গুরুত্ব

দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার চাকরিপ্রার্থীদের জন্য এ মেলা বিশেষ গুরুত্ব বহন করে। এ ছাড়া দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলা এবং আশপাশের এলাকার তরুণ-তরুণীরাও মেলায় অংশ নেন।

স্থানীয় পর্যায়ে চাকরির সুযোগ সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং তরুণদের কর্মজীবনে প্রবেশের পথ সহজ করার এ উদ্যোগকে উত্তরাঞ্চলের কর্মসংস্থান পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের উপস্থিতি

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

এ ছাড়া বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।