সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় চুরির অপবাদে দুই ভাইকে হাতুড়ি-রেঞ্জ দিয়ে পিটিয়ে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

মো. হারুন চৌধুরী
নভেম্বর ১৫, ২০২৬ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

শোরুমে তিন ঘণ্টা আটকে রেখে মারধর, জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ; নগদ টাকা ও তিনটি যানবাহন আটকে রাখার দাবি। ছবি: সমতল মাতৃভূমি

কুষ্টিয়ার ভেড়ামারায় চুরির অপবাদ দিয়ে এক শোরুমের কর্মচারী ও তাঁর বড় ভাইকে প্রায় তিন ঘণ্টা আটকে রেখে হাতুড়ি ও রেঞ্জ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুধু মারধরই নয়, নির্যাতনের মুখে চুরির দায় স্বীকার করিয়ে জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া, নগদ টাকা আদায় এবং একটি মোটরসাইকেল ও দুটি ইজিবাইক আটকে রাখারও অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় আহত দুই ভাই বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া চার রাস্তার মোড় সংলগ্ন ‘ভাই ভাই অটোস’ (ভাই ভাই ইজিবাইক শোরুম) নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার দুই ভাই হলেন আজিম প্রামাণিক (১৪) ও আবির প্রামাণিক (২২)। তাঁদের বাড়ি মিরপুর উপজেলার বহুলবাড়িয়া ইউনিয়নের নওদা খাড়ারা এলাকায়। তাঁদের বাবা আনিসুর রহমান (আনিস প্রামাণিক)।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আজিম প্রামাণিক প্রায় দুই মাস ধরে ওই শোরুমে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১২ নভেম্বর সকাল ৯টার দিকে তিনি শোরুমে গেলে মালিকপক্ষ তাঁর বিরুদ্ধে ৩ লাখ ৭০ হাজার টাকা চুরির অভিযোগ তোলে। একপর্যায়ে তাঁকে শোরুমের একটি খুঁটির সঙ্গে বেঁধে হাতুড়ি ও রেঞ্জ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

এরপর ছোট ভাই অসুস্থ হয়ে পড়েছেন জানিয়ে কৌশলে বড় ভাই আবির প্রামাণিককে হিসনা সেতু এলাকা থেকে শোরুমে ডেকে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর তাঁকেও কোনো কিছু বুঝে ওঠার আগেই মারধর করা হয় এবং চুরির দায় স্বীকার করতে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের দাবি, প্রাণভয়ে ও অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে তাঁরা চাপে পড়ে টাকা নেওয়ার কথা বলতে বাধ্য হন।

আহত দুই ভাইয়ের বাবা আনিসুর রহমান অভিযোগ করে বলেন, ঘটনার খবর পেয়ে তিনি শোরুমে গেলে তাঁকেও সেখানে অবরুদ্ধ করা হয়। এ সময় তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে নগদ ১ লাখ টাকা নেওয়া হয়। পাশাপাশি একটি হিরো মোটরসাইকেল ও দুটি ইজিবাইক জামানত হিসেবে আটকে রাখা হয়।

তিনি আরও অভিযোগ করেন, ৩ লাখ ৭০ হাজার টাকা চুরির দায় স্বীকার করিয়ে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়েছে। বাকি টাকা পরিশোধ করলে আটকে রাখা যানবাহনগুলো ফেরত দেওয়া হবে বলে শর্ত দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সহায়তায় আহত দুই ভাইকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শোরুমের স্বত্বাধিকারী আব্দুল মাজেদ, আশিক, আজাদ ও শিমুলসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনের বিরুদ্ধে নির্যাতনে জড়িত থাকার অভিযোগ তুলেছে ভুক্তভোগী পরিবার। তবে প্রাণনাশের আশঙ্কা ও নিরাপত্তাহীনতার কারণে ঘটনার পরপরই তাঁরা থানায় লিখিত অভিযোগ দিতে পারেননি বলে জানিয়েছেন।

শোরুম মালিকের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ‘ভাই ভাই অটোস’-এর স্বত্বাধিকারী আব্দুল মাজেদ তাঁর বিরুদ্ধে আনা মারধরের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, প্রতিষ্ঠানের কর্মচারী আজিম প্রামাণিক নিজেই চুরির বিষয়টি স্বীকার করেছেন এবং এ বিষয়ে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও লোকজনের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে দুই ভাইকে আটকে রেখে মারধরের সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি।

পুলিশের বক্তব্য

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে তাঁরা গণমাধ্যম ও বিভিন্ন সূত্রে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, চুরির অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটকে রেখে নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।