প্রতীকী ছবি
জধানীর শনির আখড়া এলাকায় নির্মাণাধীন ভবনের পঞ্চম তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শনির আখড়ার ২৪ ফুট রাস্তার ৮ নম্বর সড়কে সাফা টাওয়ার নামে নির্মাণাধীন ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভবনের নিরাপত্তাকর্মীরা জানান, জোসনা পঞ্চম তলায় থাকা লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর সোয়া ২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রাজমিস্ত্রি মো. ইউনুস জানান, ভবনে ময়লা ফেলার কাজ করতেন জোসনা। দুপুর সাড়ে ১২টার দিকে নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে নিচে যাচ্ছিলেন তিনি। এ সময় ভবনের নিরাপত্তাকর্মীর মাধ্যমে জোসনা নিচে পড়ে যাওয়ার খবর জানতে পারেন।
নিহতের স্বামী মধু মিয়া জানান, জোসনার বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। তিনি শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
