শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:২৫ অপরাহ্ণ
Link Copied!

শনিবার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

দেশের চলমান সংকট ও বিভিন্ন সমস্যাকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেছেন, সমস্যা নেই—তা কখনোই বলছি না। বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই সমস্যা আছে। তবে সমস্যাগুলোকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল এবং কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এর মাধ্যমে দেশে অরাজকতা তৈরি করার চেষ্টা করছেন।

শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে তিনি লক্ষ্য করছেন—যেসব সমস্যা বর্তমান সরকার ‘ইনহেরিট’ করেছে, তা স্বৈরাচার আমলের হোক কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া সমস্যা হোক, সবগুলো সমাধানের চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, “আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই, তা কখনোই বলছি না। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে।” তবে এসব সমস্যাকে কেন্দ্র করে কেউ যাতে বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

‘গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব’

তারেক রহমান বলেন, “আমি পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখব। গণতান্ত্রিক নীতি-নৈতিকতাগুলো আপহোল্ড করার সর্বোচ্চ চেষ্টা করব।

অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে তা নিয়ন্ত্রণে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, সেটিকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, তা দেশের আইনে বলে দেওয়া আছে। কাজেই জনগণের দ্বারা নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকের নিজেদের সীমার মধ্যে থাকা দরকার।

‘প্রতিটি সংকটে জনগণের পাশে ছিল বিএনপি’

দেশের প্রতিটি সংকটকালীন মুহূর্তে বিএনপি জনগণের পাশে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটি সংকটের সময় বিএনপি নামক রাজনৈতিক দলটি নেতাকর্মী ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে সংকট কাটিয়ে ওঠার জন্য পরিশ্রম করেছে। ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করেও নিয়ে এসেছে।

তিনি বলেন, “আজকে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে আছে”— তাই বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের কষ্ট ও দুর্ভোগের বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

বিদ্যুৎ-জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ

শিল্পকারখানার মালিকসহ বহু সাধারণ মানুষ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে রয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “তাদের সকলের কাছে আমি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।

তিনি বলেন, দেশের বিদ্যমান সমস্যাগুলো একদিনে তৈরি হয়নি। এসব সংকট কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য জনগণের সহযোগিতা ও ধৈর্যও প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।