রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সোমবার বসছে সংসদ, চলবে ৭ দিন

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৮, ২০২৬ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল সোমবার শুরু হয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে । সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার বাদে প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে শুরু হবে সংসদের বৈঠক। আজ রোববার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

সংবিধানের ৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদের দুই অধিবেশনের মাঝে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না। তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। এ হিসাবে আজ ৯ নভেম্বর এই সময়সীমা শেষ হবে। এই সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে চতুর্থ অধিবেশন। ৭ কার্যদিবস চলবে এই অধিবেশন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার রাতে তুরস্কের উদ্দেশ্যে যাত্রা করবেন জলবায়ু সম্মেলনে যোগ দিতে। ফিরবেন ১৩ নভেম্বর।

কার্য উপদেষ্টা বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। সম্প্রতি জারি করা তিনটি অধ্যাদেশ—পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬ প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে বলে সংসদের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠক শেষে চিফ হুইপ নূরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, আরও দুই-একটি বিল আসতে পারে। অধ্যাদেশ ও বিলগুলো সংসদ সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে। সাইবার সুরক্ষা (সংশোধন) আইন বিল উঠবে কিনা- তা স্পষ্ট করেননি চিফ হুইপ।

চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। বিধি-৭১ অনুযায়ী, মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

বিরোধী দল এবারের অধিবেশনে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সাম্প্রতিক শ্রমিক আন্দোলন, এলপিজির দাম বাড়ানো, জুলাই সনদের বাস্তবায়নের মতো বিষয়গুলো আলোচনায় আনতে পারে বিরোধী দল। আজ রাত পর্যন্ত ঠিক হয়নি অধিবেশনের আগে সংসদীয় দলের সভা হবে কিনা।

সংসদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব করলে উপস্থিত সবাই তাতে সমর্থন করেন। সংসদের সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, আগামীকাল সোমবার বিকেল সাড়ে তিনটার আগে গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সংসদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রী জানতে চাইলে সংশ্লিষ্ট উপ-কমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, সৌরবিদ্যুৎ থেকে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ৬ মেগাওয়াট। ফলে চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব। বিদ্যুৎ সংরক্ষণাগারের সুবিধা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে গয়েশ্বর চন্দ্র রায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, জামায়াতের সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।