শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হত্যা-রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশের ৪ কর্মকর্তা গ্রেপ্তার, আওয়ামী লীগের ৪৯ নেতাকর্মীও আটক

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৬, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জনি হত্যা মামলায় সাবেক এসপি আবুল কালাম আজাদ, পল্টন হত্যা মামলায় অতিরিক্ত এসপি রাকিবুল হাসান গ্রেপ্তার। তালিকায় শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব, সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ও মোহনা টিভির সাবেক সিইও। ফাইল ছবি

হত্যা, রাষ্ট্রদ্রোহ ও মানবতাবিরোধী অপরাধের মামলাসহ বিভিন্ন অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৪ নভেম্বর থেকে বৃহস্পতিবার পর্যন্ত পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ, পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহ এবং নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে।

গ্রেপ্তার চার কর্মকর্তা হলেন—পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান এবং পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ।

এদিকে রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এসপি আবুল কালাম আজাদ গ্রেপ্তার

খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গত বুধবার রাতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২০১৫ সালের জানুয়ারিতে ঢাকার খিলগাঁও এলাকায় নুরুজ্জামান জনিকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম সমকালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুরুজ্জামান জনি হত্যা মামলায় আবুল কালাম আজাদকে গ্রেপ্তারের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে।

আবুল কালাম আজাদ গাজীপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। তিনি ২৫তম বিসিএসের পুলিশ কর্মকর্তা।

পল্টন হত্যা মামলায় অতিরিক্ত এসপি রাকিবুল হাসান গ্রেপ্তার

রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করেছে ডিবি। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পল্টন থানার একটি হত্যা মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

রাকিবুল হাসান ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়।

রাষ্ট্রদ্রোহ মামলায় পুলিশ সুপার জাহাঙ্গীর আলম

গত ১৪ নভেম্বর রাতে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলায় পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

মামলায় তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ আনা হয়েছে।

অন্যদিকে, ঢাকায় বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার ঢাকার একটি আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব শাখাওয়াত মুন গ্রেপ্তার

পুলিশের চার কর্মকর্তার গ্রেপ্তারের পাশাপাশি রাজধানীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত বুধবার রাতে ধানমন্ডি-২৭ এলাকা থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

আটকের সময় ছাত্রদল নেতাদের শাখাওয়াত মুনের সঙ্গে কথা বলতে দেখা যায়। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গেছে। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম সমকালকে জানান, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আনারকন্যা ডরিন গ্রেপ্তার, অভিযোগ দেশের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র

একই রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপপুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন জানান, দেশের স্থিতিশীলতা বিনষ্টের ষড়যন্ত্রে ডরিনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন। ২০২৪ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় তিনি খুন হন। বাবার হত্যার বিচার চাইতে গিয়ে আলোচনায় আসেন ডরিন। তবে ঘটনার আড়াই বছর পার হলেও এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের কোনো তদন্ত সংস্থা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি।

মোহনা টিভির সাবেক সিইও তসলিমও গ্রেপ্তার

এদিকে মোহনা টিভির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিমকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশের ভাষ্য, কাফরুল ও মিরপুর এলাকায় কামাল মজুমদারের রাজনৈতিক কর্মকাণ্ডে তসলিমের সম্পৃক্ততা ছিল। তবে তাকে কোন মামলায় কিংবা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

ঢাকা উদ্যান থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

অন্যদিকে, রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, তারা আওয়ামী লীগের মিছিল-সমাবেশে লোক সংগ্রহ ও অর্থায়ন করতেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এ ছাড়া মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করেছে পুলিশ।

সব মিলিয়ে গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি, মোহাম্মদপুরের লালমাটিয়া, ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৪৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।