শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাবেক প্রতিমন্ত্রী শরীফের প্রভাবেই রাজউকে সিন্ডিকেটের দাপট,শত শত কোটি টাকার অনিয়ম-দুর্নীতির অভিযোগ, বিতর্কের মধ্যেও প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৬, ২০২৬ ১১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) গুরুত্বপূর্ণ প্রকল্প, প্রশাসনিক পদায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে আবারও সামনে এসেছে অনিয়ম-দুর্নীতির গুরুতর অভিযোগ। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজউকের প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) আমিনুর রহমান সুমনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে প্রকল্প ব্যবস্থাপনায় অনিয়ম, ঠিকাদারি সিন্ডিকেট নিয়ন্ত্রণ, পদায়নে প্রভাব বিস্তার এবং বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত চেয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন রাজধানীর সবুজবাগ এলাকার এক ব্যক্তি।

আবেদনে অভিযুক্ত কর্মকর্তার অতীত ও বর্তমান কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। অভিযোগগুলো সত্যতা যাচাইয়ের মাধ্যমে প্রমাণিত হলে রাজউকের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আর্থিক ব্যবস্থাপনায় প্রভাবশালী একটি বলয়ের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে পারে।

তিন মেগা প্রকল্পে ঠিকাদারি সিন্ডিকেটের অভিযোগ

লিখিত আবেদনে বলা হয়েছে, আমিনুর রহমান সুমন দীর্ঘদিন ধরে রাজউকের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সুবিধাজনক পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে রাজধানীর আলোচিত তিনটি বড় উন্নয়ন প্রকল্প—ঝিলমিল আবাসিক প্রকল্প, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারীর দাবি, তৎকালীন পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং রাজউকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা ও আস্থার সম্পর্ককে কাজে লাগিয়ে প্রকল্প বাস্তবায়নে নানা কৌশল অবলম্বন করতেন তিনি। এভাবে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগও করা হয়েছে।

রাতের আঁধারে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় যাতায়াতের অভিযোগ

আবেদনে সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সঙ্গে আমিনুর রহমান সুমনের ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ওই সম্পর্কের সূত্র ধরে রাতের আঁধারে সাবেক প্রতিমন্ত্রীর বাসায় যাতায়াত, বিভিন্ন উপঢৌকন প্রদান এবং অর্থ লেনদেনের বিষয়গুলো স্থানীয় ও দাপ্তরিক মহলে আলোচিত ছিল।

এ ছাড়া বিগত সরকারের সময়ে অর্জিত বিপুল অর্থ দিয়ে লন্ডন, কানাডা ও দুবাইসহ বিভিন্ন দেশে আলিশান বাড়ি, ফ্ল্যাট এবং বাণিজ্যিক সম্পদ গড়ে তোলার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। এসব সম্পদের প্রকৃত মালিকানা, অর্থের উৎস ও বৈধতা অনুসন্ধান করা হলে বিদেশে অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে বলে আবেদনকারী মনে করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পরও অক্ষত প্রভাববলয়!

রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজউকের অভ্যন্তরে আমিনুর রহমান সুমনের প্রভাব ও অবস্থান কীভাবে অটুট থাকল, তা নিয়েও আবেদনে প্রশ্ন তোলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান ও প্রভাবের ধরন বদলে ফেলেন। এরপর রাজউকের অভ্যন্তরে নতুন করে একটি প্রভাবশালী বলয় গড়ে তোলেন। অভিযোগপত্রে তত্ত্বাবধায়ক প্রকাশ আলী খন্দকার ওয়াহিদ সাদিক শুভর সঙ্গে যোগসাজশে একটি সিন্ডিকেট গড়ে তোলার কথা উল্লেখ করে বলা হয়েছে, এই বলয় রাজউকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে।

এমনকি বর্তমান সরকারের বিরুদ্ধে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি কিংবা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে রাজউকের একটি অংশের সঙ্গে মিলে অর্থায়নের অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন আবেদনকারী। তবে এসব অভিযোগের পক্ষে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য বা প্রমাণ আবেদনের বাইরে পাওয়া যায়নি।

জ্যেষ্ঠতা-যোগ্যতা উপেক্ষা করে প্রধান প্রকৌশলীর পদ

রাজউকের পদায়ন ও পদোন্নতি নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। তাঁর দাবি, প্রধান প্রকৌশলী (বাস্তবায়ন) পদে জ্যেষ্ঠ ও যোগ্য প্রকৌশলী থাকা সত্ত্বেও প্রভাব বিস্তার এবং অর্থের বিনিময়ে আমিনুর রহমান সুমন ওই পদে দায়িত্ব পেয়েছেন।

একসময় রাজউকের একাধিক বড় প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা এই কর্মকর্তা রাজনৈতিক পটপরিবর্তনের পরও কীভাবে গুরুত্বপূর্ণ প্রকৌশল পদে বহাল রয়েছেন, তা নিয়ে সংস্থাটির অভ্যন্তরে নানা আলোচনা রয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারীর মতে, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে প্রকৃত জ্যেষ্ঠতা, যোগ্যতা এবং প্রশাসনিক বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে তাঁর নিয়োগ ও পদায়ন-সংক্রান্ত নথিপত্র পর্যালোচনারও দাবি জানানো হয়েছে।

স্ত্রী-সন্তান ও আত্মীয়দের ব্যাংক হিসাবেও অনুসন্ধানের দাবি

অভিযোগপত্রে আমিনুর রহমান সুমনের কথিত অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানে ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আবেদনকারীর দাবি, বিভিন্ন ব্যাংকে অনুসন্ধান চালালে অভিযুক্ত কর্মকর্তা, তাঁর স্ত্রী, সন্তান এবং ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের নামে বিপুল অঙ্কের এফডিআর ও অন্যান্য সঞ্চয়ের তথ্য পাওয়া যেতে পারে।

এসব ব্যাংক হিসাব, স্থাবর-অস্থাবর সম্পদ, বিদেশে বিনিয়োগ এবং আর্থিক লেনদেনের উৎস অনুসন্ধানের মাধ্যমে অভিযোগগুলোর প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তদন্তে বেরিয়ে আসবে কি অজানা তথ্য?

রাজউক দেশের রাজধানী উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের বড় প্রকল্প, আর্থিক ব্যবস্থাপনা এবং প্রশাসনিক পদায়ন নিয়ে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

আবেদনকারী রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা, প্রশাসনিক শৃঙ্খলা ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তবে আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আমিনুর রহমান সুমনের বক্তব্য জানতে তাঁর দপ্তরে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এখন দেখার বিষয়, রাজউকের গুরুত্বপূর্ণ প্রকল্প ও প্রশাসনিক পদায়ন ঘিরে ওঠা এসব অভিযোগের বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কী পদক্ষেপ নেয় এবং নিরপেক্ষ তদন্তে প্রকৃত চিত্র কতটা বেরিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।