খাটের নিচে কার্টনে টাকার বান্ডিল, জমি-ফ্ল্যাট-প্লট কেনায় কোটি কোটি টাকার হিসাব; সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ, তদন্তে মাছের খামারের গল্প। ফাইল ছবি
বাসায় বিপুল পরিমাণ টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের সূত্র ধরে সামনে আসে কাস্টমস ক্যাডারের কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি ও তার ভাই এনামুল হকের সম্পদের চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাদের পরিবারের সদস্যদের নামে জমি, প্লট, ফ্ল্যাটসহ বিপুল সম্পদ গড়ে উঠেছে। এসব সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ জমা পড়লেও তদন্তের নামে তা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্পদের উৎস ব্যাখ্যা করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার নামে মাছের খামার থেকে আয়ের দাবিও সামনে এসেছে। তবে সেই খামারের অস্তিত্ব ও আয় নিয়ে প্রশ্ন উঠেছে অনুসন্ধানে।
খাটের নিচে রাখা একটি কার্টন। ঘর পরিষ্কার করতে গিয়ে কার্টনটি পড়ে যেতেই ভেতর থেকে বেরিয়ে আসে টাকার বান্ডিল। বিপুল পরিমাণ টাকা দেখে ভয় পেয়ে যান গৃহকর্মী। তিনি ডাকেন গৃহকর্তাকে। একজন সরকারি কর্মকর্তা সেই কার্টনভর্তি টাকা দেখে নিজেও হতবাক হয়ে যান। ঘটনার পর আতঙ্কিত ওই কিশোরী গৃহকর্মী কিছুদিনের মধ্যেই বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান।
ঘটনাটি ২০১৫ সালের দিকে। ওই বাসায় থাকতেন কাস্টমস ক্যাডার কর্মকর্তা জিলাইকা তামান্না লিপি এবং তার স্বামী জেলা নির্বাচন অফিসার আসলাম রহমান। বাসায় কাজ করতেন লিপি নামের আরেক কিশোরী। সাবেক ওই গৃহকর্মীর বর্ণনা অনুযায়ী, বাসায় বিপুল টাকা রাখা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। একপর্যায়ে স্বামীকে বশে আনতে পানি পড়া খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল বলেও জানান তিনি।
এই ঘটনার সূত্র ধরে কাস্টমস ক্যাডারের দুই সহোদর কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়ে। কিন্তু অভিযোগের তদন্ত শেষ না করেই তা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন এবং তাদের স্বজনদের নামে একের পর এক জমি, প্লট ও ফ্ল্যাট কেনা হয়েছে। এসব সম্পদ কীভাবে অর্জিত হয়েছে, আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য কতটুকু—তা নিয়ে অনুসন্ধানের দাবি ওঠে তাদের গ্রামের বাড়ি বরগুনা থেকেই। দুদকে অভিযোগকারী বাদীর বাড়িও ওই জেলায়। এরপর সম্পদের উৎস আড়াল করতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক বাবার নামে মাছের খামার থেকে বিপুল আয়ের দাবি সামনে আসে।
চাকরির পর সম্পদের বিস্তার, পূর্বাচল থেকে ঝিলমিল
এনামুল হক ২৯তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। নথি অনুযায়ী, ২০১১ সালে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত। তার বোন জিলাইকা তামান্না লিপি ৩১তম বিসিএস কাস্টমস ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৩ সালে চাকরিতে যোগ দেন। বর্তমানে আগারগাঁও এনবিআর ভবনের মূসক বিচার ও আপিল বিভাগে দ্বিতীয় সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, চাকরিতে যোগদানের পর দুই ভাই-বোন ও তাদের পরিবারের সদস্যদের নামে একের পর এক সম্পত্তি কেনা হয়েছে। পূর্বাচল, ঝিলমিল, বরগুনা, লালমাটিয়া, পশ্চিম আগারগাঁও ও মিরপুরে সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এসব সম্পত্তি কেনার অর্থের উৎস এবং ঘোষিত আয়ের সঙ্গে সম্পদের সামঞ্জস্য যাচাইয়ের দাবি উঠেছে। অনুসন্ধানে বেশ কিছু ব্যয়বহুল জমির দলিল পাওয়া গেছে, যার সবই সরকারি চাকরিতে যোগদানের পর কেনা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
নথি অনুযায়ী, ২০১১-১২ সালের আগে পরিবারটির কৃষিজমি ছাড়া অন্য জমি ছিল না। অথচ ২০১৪ ও ২০১৫ সালে পরিবারের সদস্যদের নামে একাধিক জমি কেনা হয়। চাকরিতে যোগদানের অল্প সময়ের মধ্যেই এসব সম্পত্তি অর্জনের তথ্য সামনে আসে।
পূর্বাচলের প্লট, দলিলে ২৫ লাখ—অভিযোগে প্রকৃত মূল্য ৩ কোটি
২০১৫ সালে পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে জিলাইকা তামান্না লিপি ও তার ছোট বোন জিনাত জাহান তানজিলার নামে একটি প্লটের দলিল করা হয়। দলিল নম্বর ৭৫৬৫/২০১৫। দলিল অনুযায়ী, প্লটটি ১১ নম্বর সেক্টরের ৪০৯/এ/সি সড়কের ২ নম্বর প্লটে অবস্থিত।
অভিযোগ অনুযায়ী, প্লটটির প্রকৃত ক্রয়মূল্য ছিল প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয় মাত্র ২৫ লাখ টাকা। বর্তমানে প্লটটির বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
২০২২ সালে কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে ৪ নম্বর সেক্টরের ৮ নম্বর সড়কের ৮ নম্বর প্লট কেনেন জিলাইকা তামান্না লিপি। দলিল নম্বর ১২৩০৯/২০২২। অভিযোগ অনুযায়ী, প্লটটির ক্রয়মূল্য ছিল ১ কোটি ৪০ লাখ টাকা। অথচ দলিলে মূল্য দেখানো হয়েছে ২১ লাখ টাকা।
বড় ভাই এনামুলের সম্পদও কোটি টাকার
জমি কেনায় পিছিয়ে নেই এনামুল হকও। বরগুনা শহরে তিনি ২৬ শতাংশ জমি কিনেছেন। সেখানে দলিল মূল্যই দেখানো হয়েছে ১ কোটি ৩০ লাখ টাকা। বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ওই জমির বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসের দলিল নম্বর ৩৭৫৬/২০১৫, তারিখ ১১ আগস্ট ২০১৫।
একই বছর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পে এনামুল হক ও তার স্ত্রী নাহিদা পারভীনের নামে ৭ কাঠা ৮ ছটাক জমি কেনা হয়। দলিল নম্বর ১০৮২৮/২০১৫। অভিযোগ অনুযায়ী, জমিটির ক্রয়মূল্য ছিল আড়াই কোটি টাকা। কিন্তু দলিলে মূল্য দেখানো হয়েছে ৫০ লাখ টাকা।
মায়ের নামে জমি, অর্থের জোগান দুই ভাই-বোনের
২০১৪ সালে এনামুল হকের মা খাদিজা বেগমের নামে বরগুনা পৌর এলাকায় টিনশেড বাড়িসহ ১৪ দশমিক ৩১ শতাংশ জমি কেনা হয়। অভিযোগ অনুযায়ী, ওই সম্পত্তি কেনার অর্থের জোগান দেন তার সন্তান কাস্টমস ক্যাডার কর্মকর্তা এনামুল হক ও জিলাইকা তামান্না লিপি।
বরগুনা সদর সাবরেজিস্ট্রি অফিসে সম্পত্তিটি রেজিস্ট্রি করা হয়। দলিল নম্বর ২৯১৭/২০১৪ ও ৩০৫৭/২০১৪। নথি অনুযায়ী, দলিল দুটিতে মোট মূল্য দেখানো হয়েছে ৬৫ লাখ ৭ হাজার টাকা। তবে ওই সময় জমিটির জন্য ৩ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমানে জমিটির মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের নামেও বিভিন্ন স্থানে সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে। বরগুনার বিভিন্ন সম্পত্তির পাশাপাশি ঢাকার লালমাটিয়ার এনএইচ টাওয়ার, পশ্চিম আগারগাঁও ও মিরপুরের ডিওএইচএস এলাকায় সম্পত্তির তথ্য অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২০২০ সালে জিলাইকা তামান্না লিপির বড় ছেলের জন্মনিবন্ধনে স্থায়ী ঠিকানা হিসেবে বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট নম্বর ৪/এ, প্লট ১৫১, রোড ৮, ব্লক-ডি উল্লেখ করা হয়। তবে ওই ঠিকানার ফ্ল্যাটটির মালিকানা যাচাই করা সম্ভব হয়নি।
সম্পদের উৎস আড়াল করতে মাছের খামার, ১২ একরের দাবিতে প্রতিবেদনে ১৪ একর!
এনামুল হক ও জিলাইকা তামান্না লিপির সম্পদের উৎস নিয়ে দুদকে অভিযোগ জমা পড়ার পর তাদের বাবা আবদুস সোবহানের নামে মাছের খামার থেকে আয়ের দাবি সামনে আসে। এনামুল হক দুদকের কর্মকর্তার কাছে দাবি করেন, তার বাবার প্রায় ১২ একর জমিতে মাছের খামার রয়েছে। সেখান থেকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ আয় হয়।
এই তথ্য যাচাই করতে ২০২৪ সালের ৬ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে বরগুনার জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীনের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে খামারের নিবন্ধন, জমির খতিয়ান ও দাগ নম্বর, মালিকানার নথি, লিজ চুক্তি, উৎপাদন, ব্যয় ও আয়ের হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রতিবেদন দিতে বলা হয়।
কিন্তু অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় নথি যাচাইয়ের পরিবর্তে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রত্যয়নের ভিত্তিতে প্রতিবেদন পাঠান মৎস্য কর্মকর্তা। সেখানে এনামুলের বাবাকে মৎস্যচাষি হিসেবে উল্লেখ করা হয়। এই প্রতিবেদন পাওয়ার পর অভিযোগটি আর এগোয়নি বলে অভিযোগ উঠেছে।
আরও প্রশ্ন তৈরি হয়েছে খামারের জমির পরিমাণ নিয়ে। এনামুলের দাবি ছিল, তার বাবার খামার প্রায় ১২ একর জমিতে। অথচ মৎস্য কর্মকর্তার প্রতিবেদনে ১৪ একর জমিতে খামার থাকার কথা উল্লেখ করা হয়। ১২ একরের দাবির বিপরীতে প্রতিবেদনে ১৪ একর জমির তথ্য এলো কীভাবে—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো. মহসীনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তিনি কথা বলতে রাজি হননি। অন্যদিকে, সরেজমিন অনুসন্ধানে ওই খামারের অস্তিত্ব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্থানীয় কয়েকজনের বক্তব্য অনুযায়ী, ওই জমিতে কিছু ফলের গাছ রয়েছে।
স্বামীর অভিযোগ, যৌতুক মামলা ও পারিবারিক বিরোধ
জিলাইকা তামান্না লিপির স্বামী আসলাম রহমান নির্বাচন কমিশনে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। স্ত্রীর করা যৌতুকের মামলায় সাময়িক বরখাস্ত হন তিনি। ওই মামলায় সাড়ে ১৪ মাস জেলে ছিলেন আসলাম রহমান। মামলাটি এখনো বিচারাধীন।
আসলাম রহমানের দাবি, স্ত্রীর করা মামলায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি কখনো ঘুষ নেননি বলেও দাবি করেন। তার ভাষ্য, স্ত্রী কাস্টমস ক্যাডারে যোগ দেওয়ার পর থেকেই সংসারে অশান্তি শুরু হয়। বড় ভাই এনামুল হকের ইশারায় তার বিরুদ্ধে যৌতুক নির্যাতনের মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, চাকরি থেকে সাময়িক বরখাস্ত হওয়ার পর পাওয়া খোরাকি ভাতা দিয়ে কোনোমতে জীবনযাপন করছেন। দুই সন্তানের মুখও দেখতে পারছেন না।
আসলামের ভাষ্য অনুযায়ী, ২০১১ সালে নবাবগঞ্জে থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকার সময় জিলাইকা তামান্না লিপিকে বিয়ে করেন তিনি। তখন লিপি ইডেন কলেজে পড়তেন। পড়াশোনার সুবিধার জন্য পুরান ঢাকার দিকে বাসা নেওয়া হয়। ওই বাসায় এনামুল হকও থাকতেন বলে দাবি করেন আসলাম। সাপ্তাহিক ছুটিতে এনামুল সেখানে আসতেন। তখন এনামুলের নিজেরও ঢাকায় থাকার জায়গা ছিল না বলে দাবি করেন তিনি।
এনামুলের দাবি, সব সম্পদ আয়কর নথিতে; প্রশ্নের পর ফোন বিচ্ছিন্ন
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটে যুগ্ম কমিশনার এনামুল হক রোববার বলেন, ‘আমার যেখানে যে সম্পদ আছে, তার সবই আয়কর নথিতে আছে।
আয়ের উৎস বৈধ দেখাতে বাবাকে ভুয়া মৎস্যচাষি সাজানোর অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অন্যদিকে, বারবার চেষ্টা করেও সংশ্লিষ্ট কর্মকর্তা জিলাইকা তামান্না লিপির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে অভিযোগের সারসংক্ষেপ উল্লেখ করে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
দুই ভাই-বোনের নামে ও তাদের পরিবারের সদস্যদের নামে থাকা সম্পত্তির প্রকৃত মূল্য, কেনার অর্থের উৎস, ঘোষিত আয় ও সম্পদের সামঞ্জস্য এবং মাছের খামারের আয়ের দাবির সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে। অভিযোগগুলোর পূর্ণাঙ্গ তদন্ত ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে সম্পদের উৎস নিয়ে ওঠা প্রশ্নের প্রকৃত চিত্র সামনে আসতে পারে।
