সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংবাদ প্রকাশের জেরে সম্পাদককে ৭ দিনের আলটিমেটাম, ১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ-ব্ল্যাকমেইলার’ আখ্যা

স্টাফ রিপোর্টার
নভেম্বর ২৩, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

বিচারকের ভূমিকায় কাস্টমস কমিশনার নাহিদা ফরিদী, এখতিয়ার নিয়ে প্রশ্ন,সাংবাদিক সমাজে ক্ষোভ। ফাইল ছবি

প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের নামে একটি জাতীয় দৈনিকের সম্পাদক ও প্রকাশককে সাত কার্যদিবসের মধ্যে তথ্য-প্রমাণ ও নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর কমিশনার ড. নাহিদা ফরিদী। নির্ধারিত সময়ের মধ্যে প্রমাণ দাখিল না করলে সংবাদটিকে ‘মিথ্যা ও ব্যক্তিগত হয়রানিমূলক’ হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সরকারি একজন কর্মকর্তার এমন নির্দেশনা ঘিরে তাঁর আইনি এখতিয়ার, ক্ষমতার সীমা এবং স্বাধীন সাংবাদিকতার ওপর হস্তক্ষেপের প্রশ্ন উঠেছে।

গত ১৭ নভেম্বর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক ও প্রকাশক মেহেদী হাসান বরাবর পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। চিঠিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে ডাকযোগে অথবা সশরীরে কাস্টমস বন্ড কমিশনারেটের কার্যালয়ে হাজির হয়ে প্রকাশিত সংবাদের পক্ষে সব প্রমাণ ও দলিলাদি জমা দিতে বলা হয়েছে। অন্যথায় সংবাদটিকে ‘সর্বৈব মিথ্যা এবং ব্যক্তিগত হয়রানিমূলক’ হিসেবে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট নথি অনুযায়ী, গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর অনলাইন সংস্করণে কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এ কর্মরত সহকারী রাজস্ব কর্মকর্তা চৌধুরী গোলাম হাসনাইনকে নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে ১৭ নভেম্বর কমিশনারের কাছে আবেদন করেন চৌধুরী গোলাম হাসনাইন। আবেদনে সংবাদটিকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়া এবং নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন তিনি। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে তাঁর নিজের অথবা সংবাদ প্রকাশকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

এর পরিপ্রেক্ষিতে কমিশনার ড. নাহিদা ফরিদী স্বাক্ষরিত চিঠিতে সম্পাদককে সাত কার্যদিবসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। চিঠির স্মারক নম্বর ০৮.০১.২৬৯৪.০০১.২৪.০০২.২৪/৮৮৮৬। এতে প্রমাণ দাখিলে ব্যর্থ হলে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও হয়রানিমূলক ধরে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

সংবাদ যাচাইয়ের ক্ষমতা নিয়ে প্রশ্ন

প্রশাসনিক ও গণমাধ্যম সংশ্লিষ্ট আইনজ্ঞদের মতে, কোনো গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে মিথ্যা ঘোষণা করা, সম্পাদককে তলব করা কিংবা সংবাদ প্রকাশের পক্ষে প্রমাণ দাখিলের বাধ্যবাধকতা আরোপ করা কাস্টমস কমিশনারের দায়িত্ব বা এখতিয়ারের মধ্যে পড়ে কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে।

প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুযায়ী, কাস্টমস কমিশনারেটের মূল দায়িত্ব রাজস্ব আহরণ, বন্ড ব্যবস্থাপনা এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ও শৃঙ্খলাসংক্রান্ত কার্যক্রম তদারকি করা। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে অভিযোগের নিষ্পত্তি কিংবা কোনো প্রতিবেদনকে মিথ্যা ঘোষণা করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের রয়েছে কি না, তা আইনগতভাবে পর্যালোচনার দাবি রাখে।

গণমাধ্যমসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির জন্য দেশে বাংলাদেশ প্রেস কাউন্সিল নামে একটি আধা-বিচারিক প্রতিষ্ঠান রয়েছে। তা সত্ত্বেও ড. নাহিদা ফরিদী তাঁর চিঠির অনুলিপি প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। চিঠিতে ব্যক্তিগত মানহানির অভিযোগকে ‘সরকারি রাজস্ব সুরক্ষার স্বার্থে’ জরুরি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে প্রশ্ন উঠেছে, ব্যক্তিগত মানহানির অভিযোগের সঙ্গে সরকারি রাজস্ব সুরক্ষার বিষয়টি কীভাবে সম্পৃক্ত হলো।

গণমাধ্যমকর্মীদের মতে, সংবাদ প্রকাশের পর তার সত্যতা যাচাইয়ের নামে সম্পাদককে সরাসরি সরকারি দপ্তরে হাজির হতে বলা এবং প্রমাণ দাখিলের জন্য সময়সীমা নির্ধারণ করে দেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টির শামিল হতে পারে। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ প্রশাসনিক ক্ষমতার সীমা ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নে নতুন বিতর্ক তৈরি করেছে।

হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০ সাংবাদিককে ‘চাঁদাবাজ-ব্ল্যাকমেইলার’ আখ্যা

অভিযোগ রয়েছে, সম্প্রতি এনবিআরের কর্মকর্তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন ছাড়াই ১০ জন পেশাদার সাংবাদিকের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে তাঁদের ‘চাঁদাবাজ ও ব্ল্যাকমেইলার সাংবাদিক’ হিসেবে আখ্যায়িত করে একটি তালিকা প্রকাশ করেন ড. নাহিদা ফরিদী। তালিকায় থাকা সাংবাদিকদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

তালিকায় নাম থাকা একটি দৈনিকের সম্পাদক অভিযোগের কারণ জানতে নাহিদা ফরিদীকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননি বলে দাবি করা হয়েছে। পরে তাঁর প্রটোকল অফিসার পরিচয়ে এক ব্যক্তি ওই সম্পাদকের প্রশ্নের জবাবে বলেন, ঐ তালিকা একজন কমিশনার ম্যাডামকে দিয়েছেন, ম্যাডাম কেবল গ্রুপে শেয়ার করেছেন। এটা একটা মিসটেক হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, তালিকাভুক্ত ১০ সাংবাদিকের সঙ্গে নাহিদা ফরিদীর ব্যক্তিগত পরিচয়, সাক্ষাৎ কিংবা কথোপকথন ছিল না বলে সংশ্লিষ্টদের দাবি। এমন অবস্থায় কোনো যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ ছড়িয়ে দেওয়ার বিষয়টি সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাংবাদিকদের একাংশ বলছেন, কোনো সরকারি কর্মকর্তার মাধ্যমে এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ বা প্রচার করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করতে পারে। অভিযোগের পক্ষে তথ্য-প্রমাণ ছাড়া এমন আখ্যা দেওয়া হলে তা মানহানি ও ক্ষমতার অপব্যবহারের প্রশ্নও সামনে আনতে পারে।

প্রবীণ সাংবাদিককে অপদস্থ, ভিডিও ধারণ ও প্রচারের অভিযোগ

এ ছাড়া সম্প্রতি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (উত্তর)-এর নিজস্ব কার্যালয়ে একজন প্রবীণ সাংবাদিককে অপমান ও অপদস্থ করার অভিযোগ উঠেছে ড. নাহিদা ফরিদীর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার ভিডিও পেছন থেকে ধারণ করেন তাঁর ক্ষমতাধর স্টাফ অফিসার হিসেবে পরিচিত বিকল্প কমিশনার সাদ্দাম হোসেন। পরে ভিডিওটি অফিসের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হয় বলেও দাবি করা হয়েছে।

একজন প্রবীণ সাংবাদিকের সঙ্গে সরকারি কার্যালয়ে এমন আচরণ এবং ভিডিও ধারণ করে তা দাপ্তরিক গ্রুপে ছড়িয়ে দেওয়ার অভিযোগ নিয়েও সাংবাদিকদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিক সমাজের একাংশ অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, সাংবাদিকদের বিরুদ্ধে প্রকাশিত তালিকার ভিত্তি ও তথ্য-প্রমাণ প্রকাশ এবং সম্পাদককে পাঠানো চিঠির আইনি ভিত্তি স্পষ্ট করার দাবি জানিয়েছে। একই সঙ্গে মানহানির অভিযোগে আইনানুগ পদক্ষেপ নেওয়ার উদ্যোগের কথা জানিয়ে অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

প্রকাশিত সংবাদ নিয়ে অভিযোগ থাকলে তা আইনসম্মত ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত—এমন মত সংশ্লিষ্টদের। প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ, অভিযোগের যথাযথ যাচাই এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা—এই তিনটি প্রশ্ন এখন পুরো ঘটনাকে ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ