শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ এলজিইডিতে কামরুল-মালবিকার ‘কমিশন সিন্ডিকেট’ অতিষ্ঠ ঠিকাদার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২০, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভুয়া বিল, নিম্নমানের কাজ ও অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষুব্ধ জনপদ—লক্ষ্মীপুর ও নোয়াখালীর পুরোনো অভিযোগও সামনে। ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সরকারি উন্নয়ন প্রকল্প ঘিরে ঘুষ, কমিশন বাণিজ্য, ভুয়া বিল প্রস্তুত, নিম্নমানের নির্মাণকাজ ও সরকারি অর্থ আত্মসাতের একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মালবিকা দেবনাথ। স্থানীয় ঠিকাদার, সেবাগ্রহীতা ও এলাকাবাসীর অভিযোগ, দুই কর্মকর্তার যোগসাজশে প্রকল্প বাস্তবায়ন ও বিল অনুমোদন প্রক্রিয়ায় গড়ে উঠেছে কথিত কমিশন সিন্ডিকেট।

অভিযোগ শুধু হাজীগঞ্জেই সীমাবদ্ধ নয়। লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ববর্তী কর্মস্থলে দায়িত্ব পালনকালেও কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে চূড়ান্ত বিল পরিশোধ, সরকারি অর্থের অপব্যবহার ও দাপ্তরিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। একাধিক কর্মস্থলে একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি হওয়ায় তাঁর দায়িত্ব পালন, প্রকল্প তদারকি এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

কমিশন বাণিজ্যের অভিযোগ, ফাইল আটকে রাখার কৌশল!

হাজীগঞ্জ এলজিইডির বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে নির্ধারিত হারে কমিশন আদায়ের অভিযোগ উঠেছে। স্থানীয় ঠিকাদারদের একাংশের দাবি, উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথ প্রকল্পের বিল ও ফাইল অনুমোদনের ক্ষেত্রে ৩ শতাংশ হারে কমিশন দাবি করেন। অভিযোগ অনুযায়ী, এই অর্থের ১ শতাংশ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের কাছে পৌঁছে দেওয়া হয়।

ঠিকাদারদের দাবি, কথিত কমিশন পরিশোধ না করলে ফাইল আটকে রাখা, বিল অনুমোদনে বিলম্বসহ নানা ধরনের প্রশাসনিক জটিলতার মুখে পড়তে হয়। ফলে বাধ্য হয়ে অনেক ঠিকাদার কমিশনের অর্থ জোগাতে নির্মাণকাজের ব্যয় সংকোচন করেন, যার সরাসরি প্রভাব পড়ে কাজের মান ও স্থায়িত্বের ওপর।

এমনকি কাজ সম্পন্ন না করেই শতভাগ কাজের মূল্যায়ন দেখিয়ে ভুয়া পরিমাপ বই (এমবি) প্রস্তুত এবং সেই নথির ভিত্তিতে সরকারি অর্থ উত্তোলনের অভিযোগও রয়েছে। অভিযোগকারীদের দাবি, মালবিকা দেবনাথের মাধ্যমে এসব এমবি প্রস্তুত করা হয় এবং উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম তাতে চূড়ান্ত স্বাক্ষর দেন।

হাজীগঞ্জ উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন নির্মাণ প্রকল্পেও ঠিকাদারকে ৮০ লাখ টাকা অগ্রিম বিল দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, অগ্রিম অর্থ পরিশোধের পর নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম।

সড়ক, কালভার্ট ও বিদ্যালয় সংস্কারে নিম্নমানের কাজের অভিযোগ

সরেজমিনে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়ক, কালভার্ট ও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার প্রকল্প ঘিরে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কার্যাদেশে উল্লেখিত পাথর, বালু, বিটুমিনসহ নির্মাণসামগ্রীর নির্ধারিত মান ও অনুপাত অনুসরণ না করে দায়সারাভাবে কাজ সম্পন্ন করা হচ্ছে।

কোথাও নিম্নমানের ইট, ইটের খোয়া ও রাবিশ ম্যাকাডাম ব্যবহারের অভিযোগ রয়েছে। কোথাও নির্মাণের কয়েক মাসের মধ্যেই সড়কের পিচ উঠে যাচ্ছে, আবার কোথাও সড়কের অংশবিশেষ ধসে পড়ছে। অভিযোগকারীদের দাবি, নির্মাণকাজের মান যাচাইয়ের পরিবর্তে কথিত কমিশন পরিশোধের বিষয়টিই বেশি গুরুত্ব পাচ্ছে।

এদিকে উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের দাপ্তরিক উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সেবাগ্রহীতারা। তাঁদের দাবি, তিনি সপ্তাহে এক থেকে দুই দিন কার্যালয়ে উপস্থিত থাকেন এবং পূর্ববর্তী তারিখে (ব্যাকডেটে) বিভিন্ন ফাইলে স্বাক্ষর করে চলে যান। এতে সাধারণ মানুষ ও ঠিকাদারদের প্রয়োজনীয় সেবা পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ।

লক্ষ্মীপুরে কাজ অসম্পূর্ণ, অথচ চূড়ান্ত বিল প্রায় পুরোপুরি পরিশোধ!

হাজীগঞ্জে যোগদানের আগে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে সরকারি প্রকল্পের অর্থ পরিশোধ নিয়ে গুরুতর অভিযোগ উঠেছিল।

আরআইডিপি প্রকল্পের আওতায় ২০২২ সালে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কমলাপুর কালভার্ট পর্যন্ত ১ হাজার ৪৬ মিটার সড়ক নির্মাণে বরাদ্দ ছিল ৯৩ লাখ ৯০ হাজার ৭০২ টাকা। পরবর্তীতে এলজিইডির স্মারক নম্বর ৪১.০২.০১৪৩.০০০.১৪.০০১.২৫ অনুযায়ী কাজী কামরুল ইসলামের স্বাক্ষরে তৃতীয় ও চূড়ান্ত বিল হিসেবে ৯৩ লাখ ৮৩ হাজার ৩৪৯ টাকা পরিশোধের জন্য পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির প্যালাসাইডিং, কার্পেটিং ও ঢালাইয়ের কাজ যথাযথভাবে সম্পন্ন হয়নি। দুই পাশের এজিং সরে গিয়ে সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। বর্ষায় নুড়ি-পাথর সরে যাওয়ায় বিভিন্ন অংশ ধসে পড়ছে। অভিযোগ রয়েছে, প্রায় ২০ লাখ টাকার কাজ অসম্পূর্ণ রেখেই ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করা হয়।

এ ঘটনায় তৎকালীন নির্বাহী প্রকৌশলী একরামুল হক ও কাজী কামরুল ইসলামের যোগসাজশের অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এলজিইডির বিধি অনুযায়ী এমবি ও বিল ছাড়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপ-প্রকৌশলীর স্বাক্ষর বাধ্যতামূলক হলেও ওই নথিতে একক স্বাক্ষরের মাধ্যমে বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

সংশ্লিষ্ট উপ-প্রকৌশলী মো. বেলাল হোসেনের অভিযোগ, কাজ সরেজমিনে না দেখেই এমবি বই ও চূড়ান্ত বিলে স্বাক্ষর করতে কাজী কামরুল ইসলাম তাঁর ওপর চাপ প্রয়োগ করতেন। এমনকি অধীনস্থ কর্মকর্তাদের স্বাক্ষর করতে বাধ্য করার মতো পরিস্থিতি তৈরি করা হতো বলে তিনি দাবি করেন।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ এবং তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নেওয়ার বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পরিত্যক্ত ভবন সংস্কারের নামে ৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনকালে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব তহবিল থেকে পুরোনো ভবন সংস্কারের নামে ৫ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মিলন এন্টারপ্রাইজকে ২০২৪ সালের ৮ জুলাই কার্যাদেশ দেওয়া হয়। একই বছরের ২০ আগস্ট চেকের মাধ্যমে পুরো অর্থ উত্তোলন করা হয়।

কিন্তু সরেজমিনে দেখা যায়, নতুন ভবন নির্মাণের পর পুরোনো ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। সেখানে সংস্কারকাজের কোনো দৃশ্যমান চিহ্ন নেই।

ঠিকাদার মিলন হোসেনের দাবি, তিনি এ প্রকল্পের কাজ সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর অভিযোগ, তৎকালীন উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী তাঁকে ডেকে প্রতিষ্ঠানের একটি খালি চেকে স্বাক্ষর নেন। পরে ওই চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়।

ঘটনার বিষয়ে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন পাটোয়ারী জানান, ঠিকাদারের চেকের মাধ্যমে অর্থ উত্তোলন করে ওই প্রকল্পে সংস্কারকাজ না করে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুলের নতুন অফিসের ডেকোরেশনের কিছু কাজ করানো হয়েছিল।

তবে সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শরীফ চৌধুরী পিপুল এ দাবি অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, নির্বাচিত হওয়ার পর তিনি মাত্র এক মাস অফিসে বসেছেন। অন্য প্রকল্পের অর্থ দিয়ে অফিস ডেকোরেশন করা হয়েছে—এ বিষয়ে তিনি কিছু জানতেন না, কাউকে নির্দেশও দেননি।

এ ঘটনায় ২০২৫ সালের ২০ মার্চ নোয়াখালী জেলা প্রশাসনের উদ্যোগে শুনানি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ জানান, তিনি ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করায় ঘটনাটি তাঁর যোগদানের আগের। তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া কোম্পানীগঞ্জের একটি ইউনি ব্লক সড়কের নিম্নমানের নির্মাণ ও অনিয়মের অভিযোগে ২০২৪ সালের ২৮ ফেব্রুয়ারি নোয়াখালী এলজিইডির নির্বাহী প্রকৌশলী কাজী কামরুল ইসলামকে নোটিশ দিয়েছিলেন বলে জানা গেছে।

মালবিকা দেবনাথকে ঘিরেও পুরোনো অভিযোগ, বদলি ও বিতর্ক

হাজীগঞ্জ এলজিইডিতে উপ-সহকারী প্রকৌশলী হিসেবে যোগদানের পর মালবিকা দেবনাথ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। ‘চলতি দায়িত্বে’ পদায়নের পর তাঁর প্রভাব আরও বেড়েছে বলে দাবি করছেন অভিযোগকারীরা।

ঠিকাদারদের ফাইল আটকে দর-কষাকষি, কমিশন আদায়, দাপ্তরিক কাজে অনিয়ম ও অফিসে অনুপস্থিত থাকার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগে হাজীগঞ্জে সার্ভেয়ার হিসেবে দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ ওঠে। তৎকালীন উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানের সঙ্গে সম্পর্ক নিয়ে বিতর্কও সৃষ্টি হয়েছিল বলে স্থানীয় সূত্রের দাবি।

স্থানীয়দের ভাষ্য, ওই সময় উপজেলা প্রকৌশলীর বাসায় মালবিকা দেবনাথকে আপত্তিকর অবস্থায় আটক করার ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে তাঁকে প্রথমে মতলব উত্তর ও পরে কুমিল্লার হোমনায় বদলি করা হয় এবং উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

তবে এসব পুরোনো অভিযোগের বিষয়ে কোনো স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত হয়েছিল কি না, তা এখনো স্পষ্ট নয়। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণেও অনিয়মের অভিযোগ

হাজীগঞ্জ এলজিইডির আরেক উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলামের বিরুদ্ধেও রামপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজে ডিজাইন ও স্পেসিফিকেশন অনুসরণ না করার অভিযোগ উঠেছে।

অভিযোগের মধ্যে রয়েছে সেপটিক ট্যাংক, গ্রিল, ক্লেডিং ব্রিকস, বাউন্ডারি ওয়াল ও ড্রেন নির্মাণে নির্ধারিত নকশা এবং মান অনুসরণ না করা। এসব অভিযোগের পর তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্তের দাবি জোরালো, জবাবদিহি কোথায়?

লক্ষ্মীপুর, নোয়াখালী ও হাজীগঞ্জ—একাধিক কর্মস্থলে কাজী কামরুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখে বিল পরিশোধ, দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি অর্থের অপব্যবহারের অভিযোগ ওঠায় এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তে স্বাধীন তদন্ত কমিটি গঠন, প্রকল্পের বাস্তব অগ্রগতি ও ব্যয়ের হিসাব যাচাই, সংশ্লিষ্ট এমবি বই, বিল-ভাউচার, কার্যাদেশ এবং ব্যাংক লেনদেন পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হাজীগঞ্জের ঠিকাদার ও এলাকাবাসী।

অভিযুক্তদের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী কামরুল ইসলাম মুঠোফোনে বলেন, তিনি সরেজমিনে গিয়ে এলজিইডির কাজ পরিদর্শন করেন এবং কোনো ভুলত্রুটি থাকলে সংশোধন করে নেন। উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন নির্মাণে ৮০ লাখ টাকা অগ্রিম বিল পরিশোধের অভিযোগ তিনি অস্বীকার করেন।

নোয়াখালীর প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমি কোনো সদুত্তর দিতে পারব না। এটি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী ভালো বলতে পারবেন।

উন্নয়ন প্রকল্প থেকে শতাংশ হারে টাকা নেওয়ার অভিযোগও সঠিক নয় বলে দাবি করেন তিনি।

অন্যদিকে, উপ-সহকারী প্রকৌশলী মালবিকা দেবনাথের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি সাইটে আছি, পরে কথা বলব। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।