বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কথা রাখেনি মন্ত্রণালয় ডিপিডিসির এমডি নিয়োগে ‘বিতর্কিত মানদণ্ড’ বঞ্চনার অভিযোগ প্রকৌশলীদের

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৩০, ২০২৬ ১:৫০ অপরাহ্ণ
Link Copied!

মেধা, পরিশ্রম ও দীর্ঘদিনের অভিজ্ঞতায় যারা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-কে এগিয়ে নিয়েছেন উন্নয়নের শিখরে, সেই কর্মকর্তারাই আজ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ প্রক্রিয়া থেকে ছিটকে পড়ছেন—এমন অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাছ থেকে। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা একটি ‘বিতর্কিত মানদণ্ড’ মেধাবীদের পথ রুদ্ধ করছে।

গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রণীত এই নীতিমালার বিরুদ্ধে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিলেন প্রকৌশলীরা। তৎকালীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সাংবাদিকদের প্রশ্নের মুখে আশ্বাস দিয়েছিলেন—শিগগিরই এমডি নিয়োগের গাইডলাইন সংশোধন করা হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি মন্ত্রণালয়। ফলে পুরোনো বিতর্কিত মানদণ্ডই বহাল রয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি বিদ্যুৎ বিভাগ ‘অতি জরুরি’ অফিস আদেশে এমডি পদের জন্য নতুন যোগ্যতা নির্ধারণ করে। এতে বলা হয়, প্রার্থীর কমপক্ষে ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে প্রধান প্রকৌশলী বা সমমানের পদে থাকতে হবে অন্তত ৩ বছর। অথচ আগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ৩ বছরের অভিজ্ঞতা থাকলেই আবেদন করা যেত।

প্রকৌশলীদের অভিযোগ, প্রশাসনিক জটিলতা ও পদোন্নতির দীর্ঘসূত্রতায় একজন প্রকৌশলী সাধারণত চাকরির শেষ পর্যায়ে গিয়ে প্রধান প্রকৌশলী হন। ফলে তিন বছরের অভিজ্ঞতা অর্জনের সুযোগই থাকে না। এতে করে যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের একটি বড় অংশ এমডি হওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

‘উদ্দেশ্যপ্রণোদিত’ নীতিমালার অভিযোগ উঠেছে।
ডিপিডিসির প্রকৌশলীদের মতে, এই মানদণ্ড একটি বিশেষ মহলের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। তারা এটিকে ‘মেধাবীদের পথ বন্ধ করার কৌশল’ হিসেবে দেখছেন।

এদিকে, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা ও বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম বলেন, একটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করা কর্মকর্তারাই সংস্থার বাস্তব চিত্র সবচেয়ে ভালো বোঝেন। তাদের নেতৃত্বে প্রতিষ্ঠান পরিচালিত হলে গ্রাহকসেবা ও সামগ্রিক কার্যক্রম—উভয় ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আসে।

আবেদন, দাবি ও তিন দফা প্রস্তাবে কি রয়েছে। এদিকে
জটিলতা নিরসনে ইতোমধ্যে ডিপিডিসিসহ বিভিন্ন বিদ্যুৎ বিতরণ কোম্পানির প্রকৌশলীরা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিদ্যুৎ বিভাগের সচিব এবং বোর্ড চেয়ারম্যানদের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। ২০২৫ সালের ৩০ জুলাই দেওয়া ওই আবেদনে দুইজন প্রধান প্রকৌশলী ও ১৮ জন তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বাক্ষর করেন।
তারা চলমান এমডি নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং গাইডলাইন সংশোধনের দাবি জানান। পাশাপাশি তিনটি সুপারিশও তুলে ধরেন—
* বিতরণ, সঞ্চালন বা উৎপাদন খাতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতার বিধান বহাল রাখা
* গ্রেড বৈষম্য দূর করে তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগ্যতা নির্ধারণ
* কারিগরি ও প্রশাসনিক অভিজ্ঞতা মিলিয়ে মোট ২৫ বছরের চাকরির অভিজ্ঞতা নির্ধারণ

‘যোগ্যতা থাকা সত্ত্বেও আবেদন করতে পারিনি’
ক্ষুব্ধ প্রকৌশলীরা বলছেন, সারা জীবন ডিপিডিসিতে কাজ করেও, প্রাথমিক যোগ্যতা থাকা সত্ত্বেও আমরা আবেদনই করতে পারিনি। এতে প্রতিষ্ঠানজুড়ে হতাশা তৈরি হয়েছে এবং মেধাবীদের জন্য নেতিবাচক বার্তা গেছে।

তাদের অভিযোগ, সংকট নিরসনের পরিবর্তে গত বছরের ২৩ জুলাই পুরোনো গাইডলাইনেই এমডি নিয়োগের সার্কুলার জারি করা হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

নীরবতা ও দায় এড়ানোর প্রবণতা
ডিপিডিসির পরিচালনা পর্ষদের সভাপতি মো. হামিদুর রহমান খান বলেন, “মন্ত্রণালয়ের নির্ধারিত নিয়োগ বিধি অনুসারেই নিয়োগ হবে। তবে মানদণ্ড নিয়ে বিস্তারিত জানেন না বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন জানান, “মানদণ্ড সংশোধনের বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিদ্যুৎ সচিব ফারহানা মমতাজ-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।
ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

সংশ্লিষ্টদের মতে, ডিপিডিসির মতো গুরুত্বপূর্ণ একটি ইউটিলিটি প্রতিষ্ঠানে যদি যোগ্য নেতৃত্ব নিশ্চিত না হয় এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ না থাকে, তবে এর প্রভাব সরাসরি পড়বে গ্রাহকসেবা ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায়।
তাদের আশঙ্কা, দ্রুত নীতিমালা সংশোধন ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত না করলে ডিপিডিসির প্রশাসনিক কাঠামো ভেঙে পড়তে পারে। একটি কার্যকর, বাস্তবমুখী ও স্বচ্ছ নীতিমালাই পারে এই সংকট থেকে প্রতিষ্ঠানটিকে উত্তরণ ঘটাতে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।