সোমবার, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর কড়া বার্তা ‘বিরোধীরা শুধু ক্ষমতার ভাগের সংস্কারের কথা বলে, স্বাস্থ্যখাতের সংস্কার নিয়ে নয়’

বিশেষ প্রতিনিধি
জুন ২৮, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

অধ্যাপক ডা. এম এ মুহিত। ছবি- ভিডিও থেকে নেওয়া।

জাতীয় সংসদে বিরোধী দলের উদ্দেশে কড়া মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, বিরোধী দল শুধু সেই সংস্কারের কথাই বলে, যেসব সংস্কার তাদের ক্ষমতার অংশীদারিত্ব নিশ্চিত করবে। অথচ দেশের স্বাস্থ্যখাতের জরুরি সংস্কার নিয়ে তারা কখনোই আলোচনা করেনি।

রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

‘স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়েও নীরব বিরোধীরা’

প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দল প্রায়ই সংস্কার ও জুলাই সনদ নিয়ে কথা বলে। কিন্তু স্বাস্থ্যখাতে যে মৌলিক সংস্কার প্রয়োজন, সে বিষয়ে তারা একদিনও আলোচনা করেনি।

তিনি বলেন, স্বাস্থ্য সংস্কার কমিশন একটি বিস্তৃত প্রতিবেদন দিয়েছে। বিরোধী দল সেটি নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা করলে সরকার আরও উৎসাহিত হতো।

‘১৫ বছরের দুঃশাসনে দুর্বল হয়েছে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনীতি’

ডা. এম এ মুহিত বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে দেশের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। গণআন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সংসদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। সীমিত সম্পদের মধ্যেও সেই প্রত্যাশা পূরণে সরকার নিরলসভাবে কাজ করছে।

স্বাস্থ্য বাজেটে বড় লাফ

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গত অর্থবছরের ৩৫ হাজার কোটি টাকা থেকে এবারের বাজেটে স্বাস্থ্যখাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়ে ৬৯ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

তিনি বলেন, এই বাজেটের মূল লক্ষ্য হলো ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থাকে পুনর্গঠন করে এমন একটি সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা পাবে।

‘স্বাস্থ্যে বিনিয়োগ মানেই দেশের ভবিষ্যতে বিনিয়োগ’

প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে বিনিয়োগ শুধু হাসপাতাল নির্মাণ নয়; এটি মানুষের গড় আয়ু বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাস্থ্যখাতের বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের স্বাস্থ্যখাতের প্রধান চ্যালেঞ্জ হিসেবে তিনি উল্লেখ করেন—

অসংক্রামক রোগের দ্রুত বিস্তার

মহামারি মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি

দ্রুত নগরায়ণের প্রভাব

চিকিৎসা ব্যয়ের ঊর্ধ্বগতি

প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা

তিনি জানান, দেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশই অসংক্রামক রোগের কারণে ঘটে। একই সঙ্গে চিকিৎসা ব্যয়ের প্রায় ৭৯ শতাংশ রোগীদের নিজস্ব পকেট থেকে বহন করতে হয়, যেখানে থাইল্যান্ডে এ হার ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৮ শতাংশ।

লক্ষ্য কাঠামোগত সংস্কার, শুধু হাসপাতাল নির্মাণ নয়

ডা. এম এ মুহিত বলেন, সরকারের লক্ষ্য অপরিকল্পিতভাবে হাসপাতাল নির্মাণ নয়; বরং স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত সংস্কার, জনবল উন্নয়ন, আধুনিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিকেন্দ্রীকরণ এবং কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।

তিনি আরও বলেন, নগর ও গ্রামের মানুষের জন্য সমমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ভিত্তি করে কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা হবে।

রোগ প্রতিরোধেই সর্বোচ্চ গুরুত্ব

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু রোগের চিকিৎসায় নয়, রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাকেও সর্বোচ্চ গুরুত্ব দেবে, যাতে মানুষ অসুস্থ হওয়ার আগেই প্রয়োজনীয় প্রতিরোধ নিশ্চিত করা যায় এবং একটি সুস্থ, সক্ষম ও টেকসই বাংলাদেশ গড়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।