শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

৬৩ বিদেশি গ্রেপ্তার, সবার পাসপোর্ট এক বাংলাদেশির জিম্মায়

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

কোন ভিসায় বাংলাদেশে—জানাতে পারেনি কেউ, ১৪ ফ্ল্যাটে চলছিল অনলাইন প্রতারণা। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরের একটি আবাসিক ভবনের ১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে অনলাইন প্রতারণার অভিযোগে চীন, লাওস, পাকিস্তান, নেপাল ও ভিয়েতনামের ৬৩ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস, সরঞ্জাম ও নথিপত্র জব্দ করা হয়েছে।

তবে চাঞ্চল্যকর বিষয় হলো—গ্রেপ্তার ৬৩ বিদেশির কারও পাসপোর্টই উদ্ধার করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, একজন বাংলাদেশির হেফাজতে রয়েছে তাদের পাসপোর্ট। ফলে গ্রেপ্তার ব্যক্তিরা বৈধভাবে বাংলাদেশে অবস্থান করছিলেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এমনকি তারা কোন ভিসায় বাংলাদেশে প্রবেশ করেছেন, সে তথ্যও জানতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাসপোর্ট নিয়ে যাওয়া ওই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ।

বৃহস্পতিবার গ্রেপ্তার ব্যক্তিদের চট্টগ্রাম মহানগর হাকিম আবুল মনসুরের আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সন্ধ্যায় তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ৬৩ জনের মধ্যে চীনের ৫ জন, লাওসের ৩৪ জন, পাকিস্তানের ২১ জন, নেপালের ২ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ২০ জন নারী।

১৪টি ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রতারণা

পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রাম নগরের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট ভাড়া নেন। ভবনটির মালিক একজন দুবাইপ্রবাসী।

পুলিশের অভিযোগ, ওই ভবনকে ঘাঁটি বানিয়ে বিভিন্ন ওয়েবসাইট, মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি।

পুলিশের ভাষ্য, কখনো নিজেরা ওয়েবসাইট খুলে, আবার কখনো চাকরির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত তারা। পাশাপাশি ব্যাংকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেনের তথ্য হ্যাক করে অর্থ হাতিয়ে নেওয়ার সঙ্গেও তাদের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা বিভিন্ন ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন ঢাকার একটি বিশেষজ্ঞ দল।

১৭০ ধরনের ডিভাইস-সরঞ্জাম জব্দ

আটতলা ভবনটিতে অভিযান চালিয়ে প্রায় ১৭০ ধরনের ডিভাইস ও সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ১৩৪টি পুরোনো ও ব্যবহৃত বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোন, একটি পুরোনো অ্যাপল ট্যাব, ৫৭টি ল্যাপটপ, একটি সিপিইউ, একটি মনিটর ও পাঁচটি পেনড্রাইভ। এ ছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন নথিপত্রও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলশী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।

স্থানীয়দের সহায়তার সন্দেহ

পুলিশ আরও জানিয়েছে, বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ড নির্বিঘ্নে পরিচালনার জন্য চক্রটিকে স্থানীয় কিছু ব্যক্তি লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসব সহযোগীর কয়েকজন চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থান করছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফয়সাল আহম্মদ বলেন, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় অনলাইন প্রতারকদের বিরুদ্ধে কঠোর অভিযান চলায় তারা প্রতারণার কার্যক্রম চালাতে বাংলাদেশকে বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভাড়া করা ভবনের ১৪টি ইউনিটে সার্ভার, কম্পিউটার, ল্যাপটপসহ অনলাইন প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশে অবস্থানের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তারা কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, সে বিষয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে। কক্সবাজারে থাকা কোনো প্রতারক চক্রের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, অপরাধমূলক কর্মকাণ্ড সহজে পরিচালনা করতেই চক্রটি ওই ভবন ভাড়া নিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। ভাড়াটিয়াদের কার্যক্রমে তুলনামূলকভাবে নজরদারি কম থাকার সুযোগ তারা কাজে লাগিয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ওসি বলেন, ৬৩ জনের কারও পাসপোর্ট আমরা পাইনি। একজন বাংলাদেশি তাদের পাসপোর্ট নিয়ে নিয়েছেন। ওই ব্যক্তিকে আমরা খুঁজছি। তাকে পাওয়া গেলে চক্রটির বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে।

পুলিশ জানিয়েছে, অভিযানে পুলিশের পাশাপাশি একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে। গ্রেপ্তার বিদেশিদের বাংলাদেশে প্রবেশ, অবস্থানের বৈধতা, পাসপোর্ট নিজেদের কাছে না থাকার কারণ এবং স্থানীয় সহযোগীদের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।