জব্দ করা জাল টাকা। ছবি: র্যাবের সৌজন্যে
রাজধানীর গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে ৪৯ লাখ টাকার জাল নোটসহ মো. ইমন হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার।
গ্রেপ্তার ইমন হোসেনের বাড়ি শরীয়তপুরের নড়িয়া থানার কালিকা প্রসাদ এলাকায়। তার বাবার নাম মৃত মো. জয়নাল মাতবর।
র্যাব-১০ সূত্রে জানা যায়, জাল টাকা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর পাড় গেন্ডারিয়ার দয়াগঞ্জ চার রাস্তার মোড়-সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ জাল নোটসহ হাতেনাতে ইমন হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৪৯ লাখ টাকার জাল নোট।
র্যাব-১০-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার বলেন, ‘ইমন দীর্ঘদিন ধরে ঢাকা, শরীয়তপুরসহ বিভিন্ন এলাকায় গোপনে জাল টাকা বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। জব্দ করা জাল নোটসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, জাল নোটের উৎপাদন, সরবরাহ ও বিস্তার রোধে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
