শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে বিস্ফোরণ; যাত্রাবাড়ীতে শব্দ—আতঙ্কিত নগরবাসী

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

রাজধানীর চারটি এলাকায় অন্তত ছয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে মালিবাগ, সন্ধ্যায় আগারগাঁও ও মহাখালী এবং রাতে যাত্রাবাড়ীতে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও পরপর বিস্ফোরণের শব্দে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শাহজাহানপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মালিবাগ রেলগেট সংলগ্ন একটি পরিবহনের কাউন্টারের কাছে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো ছোড়া হয়। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে আগারগাঁওয়ে এবং সাড়ে ৬টার দিকে মহাখালীতে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানান, আগারগাঁওয়ে বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

অন্যদিকে বনানী থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালীতে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তাদের ধারণা, ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি ছোড়া হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

অপর ঘটনায় রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ী থানার ফটকের অদূরে দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে যাত্রাবাড়ী থানা পুলিশ বলছে, এটি ককটেল বিস্ফোরণ কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার মো. হাসানুর জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাজধানীতে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ ঘটনাগুলোর ধরন, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং পরস্পরের মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না—তা খতিয়ে দেখছে।

এর আগে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড ঘোষণার পর এ ঘটনা ঘটে। সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।