মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপ্রতিম হত্যায় মানববন্ধন, আসামিদের প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার দাবি কুবি শিক্ষিকার

কুমিল্লা জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আয়োজিত মানববন্ধনে কথা বলেন ড. শীলা। ছবি-ভিডিও থেকে নেওয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে স্কুলছাত্র অপ্রতিম হত্যাকাণ্ডে গ্রেপ্তার চার আসামির প্রকৃত বয়স নির্ধারণে ডিএনএ পরীক্ষার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শীলা। একই সঙ্গে অপ্রতিম হত্যার সঙ্গে কিশোর গ্যাং এবং পূর্বের কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে অপ্রতিম হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন ড. শীলা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে।

ড. কামরুন নাহার শীলা বলেন, আমি গতকাল রাত ১২টা পর্যন্ত ম্যাডামের (অপ্রতিমের মা) সঙ্গে ছিলাম। তিনি আমাকে কিছু কথা জানিয়েছেন। চারজন অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন ফাহাদ। সে প্রায় ১০ দিন আগে ম্যাডামের স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানে বিনা বেতনে চাকরি নিয়েছিল।

তিনি বলেন, ‘ম্যাডাম যখন সহকারী প্রক্টর ছিলেন, তখন তিনি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছিলেন। ওই সময় তিনি কয়েকজন কিশোর গ্যাংয়ের সদস্যকে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন। তাদের মধ্যে দুজন নাকি তুহিনের কিশোর গ্যাংয়ের সদস্য ছিল।’

ড. শীলার ভাষ্য, অপ্রতিমের মা চান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখুক—ওই ঘটনার প্রতিশোধের জেরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে কি না। পাশাপাশি পূর্বের ওই ঘটনা কিংবা অন্য কোনো বিরোধের সঙ্গে অপ্রতিম হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে বের করার দাবি জানিয়েছেন তিনি।

গ্রেপ্তার আসামিদের মধ্যে যারা নিজেদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে দাবি করছে, তারা প্রকৃতপক্ষে অপ্রাপ্তবয়স্ক কি না, তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে যাচাইয়ের দাবি জানান ড. শীলা। তিনি বলেন, প্রয়োজনে আইন সংশোধন করে হলেও অপরাধীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, আমরা অত্যন্ত বেদনাবিধুর হৃদয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের সন্তান অপ্রতিম অত্যন্ত নির্মমভাবে খুন হয়েছে। প্রশাসনের তৎপরতায় খুনিরা দ্রুত ধরা পড়েছে, এজন্য ধন্যবাদ জানাই। আমরা চাই অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও শাস্তি নিশ্চিত করা হোক।

তিনি আরও বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকা অপরাধ জোনে পরিণত হয়েছে। মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দ্রুত দমন করতে হবে। আমরা চাই, আমাদের পরিবারের আর কোনো অপ্রতিমকে যেন হারাতে না হয় এবং বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ আবাসস্থল হয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘অপ্রতিমকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা বর্বরতার সর্বোচ্চ সীমা ছাড়িয়ে গেছে। বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

চারজন গ্রেপ্তার, তিনজনের স্বীকারোক্তি

এর আগে রোববার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তারের তথ্য জানান। তারা হলেন—সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৫), মো. কামরুল হাসান (১৬) ও মো. সিয়াম (১৯)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সিয়াম ছাড়া অপর তিনজন রোববার রাতে কুমিল্লার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত শুক্রবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন বিশ্ববিদ্যালয়ের অদূরের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অপ্রতিমের হাতে থাকা আইফোনের ক্ষুদে বার্তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রথমে তুহিন এবং পরে অন্যদের আটক করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।