ছবি: সমতল মাতৃভূমি
মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বীজের প্যাকেটে প্রয়োজনীয় তথ্য না থাকা এবং বাসি গ্রিল সংরক্ষণসহ অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
২৮ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে গাংনী উপজেলার বামন্দী বাজারে এ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বামন্দী বাজারের মেসার্স মনিরুল ট্রেডার্স নামের প্রতিষ্ঠানে বীজের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্য এবং পরিপূর্ণ ঠিকানা উল্লেখ না থাকার বিষয়টি ধরা পড়ে। এ অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে বাসি গ্রিল সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে খাদ্যসামগ্রী উৎপাদন ও সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বীজ প্রত্যয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আলমগীর হোসেন, গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো. মসিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।
ভোক্তা অধিকার সংরক্ষণে বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
