শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রতিটি কাজের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে: বিদুষী বর্ণিতা

বিনোদন ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বিদুষী বর্ণিতা

বিদুষী বর্ণিতা। অভিনেত্রী। গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। শিহাব শাহীনের পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন অভিনেত্রীর ভূমিকায়। এই ওয়েব ফিল্ম ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন এমদাদুল হক মিলটন।

‘ক্যাফে আমব্রেলা’ মুক্তির পর কেমন সাড়া পাচ্ছেন?

প্রথম কাজ হিসেবে ‘ক্যাফে আমব্রেলা’ আমার কাছে ভীষণ বিশেষ। দর্শকের প্রতিক্রিয়া নিয়ে আমি বেশ আশাবাদী। মুক্তির পর আমার শুভাকাঙ্ক্ষীরা কাজটি দেখছেন, তাদের কাছ থেকে ভালো লাগার কথা শুনছি। একজন নতুন শিল্পী হিসেবে দর্শকের কাছ থেকে এমন সাড়া পাওয়া অনেক বড় অনুপ্রেরণা। আশা করছি, আরও বেশি মানুষ কাজটি দেখবেন এবং তাদের মতামত জানাবেন।

শিহাব শাহীনের মতো পরিচালকের সঙ্গে প্রথম ওয়েব ফিল্মে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

আমি খুবই সৌভাগ্যবান। শুরুতে শিহাব শাহীনের মতো একজন অভিজ্ঞ নির্মাতার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি যদি লাক্স সুপারস্টারের মতো এত বড় একটি প্ল্যাটফর্ম থেকে না আসতাম, এটি সম্ভব হতো না। হয়তো অনেক বছর পাড়ি দিয়ে তাঁর সেটে কাজ করতে হতো। তাঁর কাজের ধরন, গল্প বলার কৌশল এবং একটি চরিত্রকে পর্দায় বিশ্বাসযোগ্য করে তোলার প্রক্রিয়া কাছ থেকে দেখেছি। অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। তিনি চরিত্র নিয়ে যেভাবে ভাবেন, তা আমাকে নিজের অভিনয় নিয়েও নতুন করে ভাবতে শিখিয়েছে।

ক্যাফে আমব্রেলা’তে আপনার চরিত্র সামিরা একজন অভিনেত্রী। চরিত্রটি ধারণ করা কতটা চ্যালেঞ্জিং…

ক্রিপ্ট পাওয়ার পরই চরিত্রটি আলাদা লেগেছিল, বাস্তব জীবনে আমি অভিনয়ের জগতে একেবারে নতুন। অথচ সামিরা পেশায় একজন অভিনেত্রী। ফলে তাঁর জীবনযাপন, চিন্তাভাবনা ও অনুভূতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সহজ ছিল না। তবে এই ভিন্নতা আমাকে চরিত্রটির প্রতি আগ্রহী করে তুলেছিল। গল্পে ভালোবাসা, সম্পর্কের সমঝোতা এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনের ভারসাম্যের বিষয়গুলো রয়েছে। আমার মনে হয়েছে, দর্শকও গল্পের বিভিন্ন জায়গায় নিজেদের জীবনের প্রতিচ্ছবি খুঁজে পাবেন।

সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

খুব ভালো। লাক্স সুপারস্টারের আমার তিন বন্ধুর সঙ্গে আবারও একসঙ্গে কাজ করতে পেরে আনন্দ পেয়েছি। এ ছাড়া পার্থ শেখ, জিলানী ও তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতাও দারুণ। বিশেষ করে, শুটিংয়ের সময় তৌসিফের সহযোগিতা আমার জন্য বেশ সহায়ক ছিল। মানবিক একজন মানুষ তিনি। নতুন হিসেবে অনেক কিছু বুঝে নিতে হয়। সহশিল্পীরা সহযোগিতা করলে কাজটি অনেক সহজ হয়ে যায়।

এবার কি বড় পর্দায় অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন? রায়হান রাফির সিনেমায় শরিফুল রাজের বিপরীতে অভিনয়ের খবর শোনা যাচ্ছে

মানুষ এসব গুঞ্জন ছাড়াচ্ছে আমি নিজেও জানি না। তবে আমার একটি সিনেমায় কাজের বিষয়ে কথা হচ্ছে। তবে এখনই বিস্তারিত কিছু বলতে পারছি না। প্রোডাকশন হাউস থেকে বিস্তারিত জানাবে। একটু অপেক্ষা করলে সব জানা যাবে। বেশ কিছুদিন ধরে কাজের প্রস্তুতি ও রিহার্সাল চলছে। চূড়ান্ত বিষয়গুলো পরিচালকই জানাবেন। আপাতত অপেক্ষায় আছি।

শিশুশিল্পী থেকে লাক্স সুপারস্টার, এরপর ওয়েব ফিল্ম–এই যাত্রাকে কীভাবে দেখেন?

আমার অভিনয়জীবনের শুরুটা হয়েছিল খুব ছোটবেলায়। ওই সময় থেকেই ইচ্ছা ছিল ইন্ড্রাস্ট্রিতে বড় পরিসরে কাজ করব। এরপর দীর্ঘ একটা বিরতি গেছে। একটা প্ল্যাটফর্ম খুঁজছিলাম। যাতে বড় পরিসরে কাজ করতে পারি। অডিশন দিয়ে দ্বারে দ্বারে ঘুরে কাজ করা সম্ভব নয়। অনেক কষ্টদায়ক। লাক্স সুপারস্টার আমার জীবনে বড় পরিবর্তন এনে দিয়েছে। প্রতিযোগিতার সময় অসুস্থ হয়ে হাসপাতালে থাকতে হয়েছিল। কিন্তু নিজের ওপর বিশ্বাস হারাইনি। সুস্থ হয়ে আবার চেষ্টা করেছি। এই অর্জন আমাকে নতুন করে স্বপ্ন দেখার সাহস দিয়েছে।

বর্তমানে পড়াশোনা ও অভিনয় কীভাবে সামলাচ্ছেন?

শিশুশিল্পী হিসেবে যখন কাজ করেছি, তখন সেটে বই খাতা নিয়ে যেতাম। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি অভিনয়ের অভ্যাস আছে। এখনও তাই অভিনয়ের পাশাপাশি পদার্থবিজ্ঞানে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। দুটো বিষয়ই আমার কাছে গুরুত্বপূর্ণ। বর্তমানে নতুন কাজের প্রস্তুতি, রিহার্সাল ও পড়াশোনা নিয়ে ব্যস্ততা কাটছে। আমি চাই, প্রতিটি কাজের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করতে। সামনে যে সুযোগগুলো আসবে, সেগুলো দায়িত্ব নিয়ে কাজে লাগাতে চাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।