ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে ‘দূরবীণ বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীসহ একদল যুবক। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। খাওয়ার জন্য আসন পাওয়া নিয়ে কথা-কাটাকাটির জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন সমকালকে বলেন, রেস্তোরাঁটিতে সব সময় লোকসমাগম বেশি থাকায় সিরিয়াল দিয়ে খাবারের ব্যবস্থা করতে হয়। এ নিয়ে খেতে আসা একজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে একদল যুবক রেস্তোরাঁয় গিয়ে হামলা চালায়। তারা ভেতরে সাজসজ্জার কাজে ব্যবহৃত কাচসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে। হামলাকারীদের মধ্যে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বহিরাগতরাও ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি তিতুমীর কলেজের উল্টো পাশের সড়কে রেস্তোরাঁটির অবস্থান। খাবারের জন্য ভোজনরসিকদের কাছে পরিচিত প্রতিষ্ঠানটি। শুক্রবার সকাল ১১টার দিকে সেখানে খেতে যান এক শিক্ষার্থী। রেস্তোরাঁর কর্মীরা তাকে চেয়ার থেকে উঠে অন্য জায়গায় বসার প্রস্তাব দিলে তিনি ক্ষিপ্ত হন। পরে একদল যুবককে নিয়ে এসে রেস্তোরাঁয় ভাঙচুর চালান তিনি। এ সময় রেস্তোরাঁর কর্মীরা বাধা দিতে গেলে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। এতে রেস্তোরাঁর ব্যবস্থাপকসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। তারা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক রেস্তোরাঁর ভেতরে ঢুকে ভাঙচুর করছেন। তারা চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র তুলে ছুড়ে মারছেন। এ সময় রেস্তোরাঁর কর্মীদেরও উত্তেজিত অবস্থায় দেখা যায়।
রেস্তোরাঁটির মালিক সাফিন বেগ সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর একটি খালি চেয়ার পেয়ে বসে পড়েছিলেন এক যুবক। তবে ওই চেয়ারটির জন্য আগে থেকেই সিরিয়াল দিয়ে অপেক্ষা করছিল একটি পরিবার। পরিবারটির সদস্যরা সেখানে বসতে গেলে ওই যুবকের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেস্তোরাঁর এক কর্মী গিয়ে তাকে বিষয়টি বুঝিয়ে অন্য জায়গায় বসার ব্যবস্থা করে দিতে চান। কিন্তু ওই যুবক তাতে রাজি হননি। ক্ষুব্ধ হয়ে তিনি সেখান থেকে চলে যান। পরে একদল যুবক এসে ভাঙচুর চালায়। এ সময় তারা রেস্তোরাঁর কর্মীদের মারধরও করেন। ঘটনার পর সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়।
