সাংবাদিকতায় নীতি-নৈতিকতা, সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতা বজায় রাখার তাগিদ। কর্মশালায় বক্তারা। ছবি: সংগৃহীত
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
তিনি বলেছেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সংবাদ পরিবেশনের প্রতিটি ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন ও তা ধরে রাখতে হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিলের কনফারেন্স রুমে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক সেমিনার ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যার মূল ভিত্তি সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। কোনো তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই না করে সংবাদ প্রকাশ বা প্রচার করা উচিত নয়। কারণ, যাচাইহীন সংবাদ যেমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে, তেমনি হলুদ সাংবাদিকতা পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থার সংকট তৈরি করে।
তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নৈতিকতা ও সত্যনিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ব্যক্তিগত স্বার্থ, পক্ষপাত কিংবা অসম্পূর্ণ তথ্যের প্রভাব থেকে মুক্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মশালায় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মুক্তাদির অনিক, সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা ও সদস্যরা অংশ নেন।
এ সময় অংশগ্রহণকারীরা সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, সংবাদ সম্পাদনার নীতিমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা চর্চা এবং গণমাধ্যমের প্রতি জনসাধারণের আস্থা অক্ষুণ্ন রাখার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
