আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাম্প্রদায়িকতা, বিভাজন ও বিভেদের রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবতা, গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, একটা সময় বিএনপি সম্পর্কে সমাজে এমন ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছিল যে বিএনপি মানেই সনাতন ধর্মাবলম্বী ও সংখ্যালঘুবিরোধী। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের চিন্তা ও দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে। তার নির্বাচনী এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা তাকে ব্যাপকভাবে সমর্থন করেছেন এবং বিএনপিকে ভোট দিয়েছেন। এটি প্রমাণ করে, মানুষ পরিবর্তনশীল। মানুষকে প্রগতিশীল চিন্তার দিকে এগিয়ে যেতে হবে।
নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, ‘আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি। আমরা বামপন্থীদের ডানে এবং ডানপন্থীদের বামে অবস্থান করে মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি। বাংলাদেশি জাতীয়তাবাদ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
জাতীয় পরিচয়ের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ভাষার দিক থেকে আমরা বাঙালি, পাসপোর্টের রঙের দিক থেকে আমরা বাংলাদেশি। এই ভূখণ্ডের মানুষ হিসেবে প্রত্যেকেরই গর্বিত সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার রয়েছে। ধর্মীয় বিশ্বাসে পার্থক্য থাকলেও সবার রক্তের রং এক। একই আলো-বাতাসে মানুষ বেড়ে ওঠে, একই দেশের মাটিতে উৎপাদিত ফসল খায়। তাই সবার আগে পরিচয়, আমরা বাংলাদেশের মানুষ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ভালো থাকলে, উন্নত হলে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে থাকলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন প্রতিষ্ঠিত হলে এর সুফল সবাই ভোগ করবে। ভয়ভীতির সংস্কৃতি দূর করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকার শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়।
আইনমন্ত্রী বলেন, দেশে প্রচার, অপপ্রচার ও নানা ধরনের হাইপ রয়েছে। এসবের বাইরে থেকে দেশের সেবায় যা করণীয়, সরকার তাই করবে। সরকার আইনের শাসনের পথ ধরে এগিয়ে যেতে চায়। এ পথে ভুল বা বিভ্রান্তি হতে পারে। এ জন্য সমাজের বুদ্ধিজীবী, চিন্তাবিদ, সাংবাদিক ও জ্ঞানী-গুণী ব্যক্তিদের সঠিক তথ্য তুলে ধরে সরকারের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, আদর্শ ও রাজনৈতিক অবস্থান যা-ই হোক না কেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকতে হবে। সরকার আগুনসন্ত্রাস ও তথ্যসন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছে। এমন একটি বাংলাদেশ গড়তে চায়, যেখানে বিভাজন ও বিভেদের ঊর্ধ্বে মানবতাই হবে মানুষের মধ্যে ঐক্যের প্রধান ভিত্তি।
তিনি বলেন, যারা মানবতা, মানুষের উন্নয়ন, কল্যাণ ও মানবাধিকারে বিশ্বাস করেন, তাঁদের সবার জন্যই এই বাংলাদেশ। আর যারা মৌলবাদ ও সন্ত্রাসের পথ বেছে নেবেন, বাংলাদেশের মানুষ সেই পথ প্রত্যাখ্যান করবে বলে সরকার বিশ্বাস করে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানও সেই পথ দেখিয়েছে।
জগন্নাথ হলের ভূমিকার প্রশংসা করে আইনমন্ত্রী বলেন, হলটি শুধু শিক্ষার ক্ষেত্রেই নয়, ভদ্রতা, সভ্যতা, নম্রতা ও সংস্কৃতিচর্চার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম সমৃদ্ধ প্রতিষ্ঠান হিসেবে জগন্নাথ হলের অবদান অনস্বীকার্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের আবারও মিলিত হওয়ার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তিনি।
জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তপন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশিষ পাল, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী নিবাস চন্দ্র মাঝি এবং বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
