বস্তির একটি ঘরে আগুন লেগেছে। আতঙ্কে ছোটাছুটি করছেন সবাই। আগুন নেভাতে ছুটে এলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরু হলো উদ্ধার তৎপরতা। আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হলো। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে দেখা যায় এমন চিত্র।
তবে এটি সত্যিকারের কোনো অগ্নিকাণ্ড ছিল না, অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করে। এতে বস্তিবাসী, স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, হাতে-কলমে তা শেখানো হয় তাদের।
সকাল ৮টায় শুরু হওয়া মহড়ার প্রথম পর্বে বস্তিবাসীকে আগুন প্রতিরোধের উপায় এবং অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। আগুন নেভাতে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের পদ্ধতিও শেখানো হয়। অগ্নিনির্বাপণ যন্ত্র না থাকলে মোটা কাপড় বা চটের বস্তা ভিজিয়ে কীভাবে আগুন নেভানো যায়, তা দেখানো হয়। এর পর গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে তা নেভানোর কৌশল প্রদর্শন ও অনুশীলন করানো হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে বস্তিবাসী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ, উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিসের বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের কর্মীরা অংশ নেন। মহড়া শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্থানীয় ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সিনিয়র সহসভাপতি শরীফ ভূঁইয়া এবং ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক ছালেহ উদ্দিন। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে সচেতন করা হয়। অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্ঘটনায় দ্রুত সহায়তা পেতে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ নম্বর সম্পর্কে জানানো হয়। এ নম্বরসংবলিত স্টিকারও বিভিন্ন স্থানে লাগানো হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার ফয়সলুর রহমান, আব্দুল মন্নানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
