রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ডিএসসিসি প্রশাসক

মো. তাজ উদ্দিন
নভেম্বর ১৪, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত নগরী গড়তে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। ফাইল ছবি

ঢাকাকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে চান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, রাজধানীকে সম্পূর্ণ পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে না তোলা পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। এ লক্ষ্য বাস্তবায়নে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডে ডিএসসিসির সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ উপলক্ষে আয়োজিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই ঢাকা সিটি কর্পোরেশনকে জনগণের আরও কাছাকাছি নিয়ে আসার চেষ্টা চলছে। একই সঙ্গে জনগণের কাছে জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাও অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য সামনে রেখে প্রতিদিন নগরীর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বেইলি রোডকে বিশেষ পরিচ্ছন্ন সড়ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ সড়ক হিসেবে ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে এ কার্যক্রমের পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে এবং কোথাও কোনো ধরনের আবর্জনা জমতে দেওয়া হবে না।

স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করার পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, বেইলি রোডের বাসিন্দাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাঁদের নিয়ে পৃথক একটি পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ এবং ফুটপাত পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হবে।

নগরীর পরিচ্ছন্নতার সঙ্গে জনস্বাস্থ্যের সরাসরি সম্পর্ক তুলে ধরে আবদুস সালাম বলেন, ঢাকা শহর পরিচ্ছন্ন না থাকলে মশার উপদ্রব ও ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দেওয়া সম্ভব নয়। একইভাবে বায়ুদূষণ থেকেও রাজধানীকে রক্ষা করা কঠিন হবে। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ ও দূষণমুক্ত রাখার কোনো বিকল্প নেই।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলেন। বিশেষ করে ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার রাখতে হবে। দোকান পরিষ্কার করে সেই ময়লা রাস্তায় ফেলে রাখা যাবে না। নির্ধারিত স্থানে আবর্জনা ফেলতে হবে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সচেতন নাগরিক ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি ওয়ার্ড ও এলাকার মানুষকে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কোথাও অবৈধভাবে ময়লা ফেলা হচ্ছে কি না, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা যথাযথভাবে আবর্জনা অপসারণ করছেন কি না, তা স্থানীয় বাসিন্দাদের নজরদারিতে রাখতে হবে। কোনো এলাকায় মশার উপদ্রব দেখা দিলে সেখানে মশার ওষুধ ছিটানো হচ্ছে কি না, সে বিষয়েও সিটি কর্পোরেশনকে অবহিত করতে হবে। পাশাপাশি নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সবাইকে জনগণের পাশে দাঁড়াতে হবে।

ভবিষ্যৎ ঢাকার স্বপ্ন তুলে ধরে তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ঢাকা একদিন সত্যিকার অর্থেই সুন্দর ও শান্তির শহরে পরিণত হবে। উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে এই নগরী। বাংলাদেশের রাজধানী হিসেবে বিশ্বদরবারে ঢাকা একটি পরিচ্ছন্ন, আধুনিক ও সুন্দর নগরী হিসেবে পরিচিতি পাবে।

এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

এদিকে, সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’র অংশ হিসেবে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে একযোগে ৭৫টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়াতে বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।