শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালের নিখোঁজ সিনিয়র সহকারী সিভিল জজ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

পটুয়াখালী জেলা প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ফারহান নাদিম। ফাইল ছবি

বরিশালে নিখোঁজ হওয়ার দুই দিন পর সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে পটুয়াখালীর পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাঁকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার।

শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতে সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তাঁর সহকর্মী, স্বজন ও বিচার বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজের দিন মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল নগরীর বাংলাবাজার এলাকায় স্থাপিত সিসিটিভি ক্যামেরায় তাঁকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের খবর পাওয়ার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিশেষ অনুসন্ধান দল গঠন করে। তাঁর অবস্থান শনাক্ত করতে বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, আর্থিক লেনদেন এবং সম্ভাব্য যাতায়াতের তথ্য বিশ্লেষণ করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজের দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন। পরে তাঁকে রিকশাযোগে যেতে দেখা যায়। অনুসন্ধানে তাঁর সর্বশেষ অবস্থান হিসেবে বরিশাল নগরীর আলেখান্দা-আমতলা এলাকার তথ্য পাওয়া যায়।

পুলিশের অনুসন্ধানের একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কুয়াকাটা সমুদ্রসৈকত এলাকায় তাঁর সন্ধান পাওয়া যায়। বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল তাঁকে শনাক্ত করে। পরে জানা যায়, তিনি একাই কুয়াকাটায় বেড়াতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও সহকর্মীরা তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, উদ্ধার হওয়া বিচারক শেখ ফারহান নাদিম সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছেন। তিনি একাকী ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটায় গিয়েছিলেন। পুলিশের তৎপরতায় তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে, দুই দিন ধরে একজন বিচারকের নিখোঁজ থাকার ঘটনায় বরিশালের বিচার বিভাগসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও তাঁর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। অবশেষে পটুয়াখালীর কুয়াকাটা থেকে তাঁকে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়ায় সেই উদ্বেগের অবসান ঘটেছে।

তবে তিনি কেন মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন এবং নিখোঁজ থাকার পুরো সময় কীভাবে কাটিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।