ছবি: সংগৃহীত
তিনশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ কেটে গ্রামীণ হাটে বহুতল ভবন নির্মাণের সরকারি উদ্যোগের প্রতিবাদে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ফরকেরহাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ হাট-বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ওই বাজারে তিনতলা মার্কেট ভবন নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে বাজার প্রাঙ্গণে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে ফরকেরহাট বাজারের সর্বস্তরের দোকানদার, মালিকবৃন্দ ও বাজার প্রতিনিধি দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা অপরিকল্পিত ভবন নির্মাণ বন্ধ, শতবর্ষী বটগাছ রক্ষা এবং বাজারের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ প্রতিহত করার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ জনপদের এই ঐতিহ্যবাহী হাটে বহুতল আধুনিক ভবনের কোনো বাস্তব প্রয়োজনীয়তা নেই। দীর্ঘমেয়াদি নির্মাণকাজ শুরু হলে হাটের স্বাভাবিক বেচাকেনা স্থবির হয়ে পড়বে। এতে পুরোনো এই হাটের ওপর নির্ভরশীল শত শত ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের পরিবারের আয়ের পথ বন্ধ হয়ে যাবে। প্রতিবাদ সভায় বাজার প্রতিনিধি দল ও ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পরিবেশ ও ঐতিহ্যের প্রতীক শতবর্ষী বটগাছ কেটে এবং শত শত মানুষের রুটি-রুজি কেড়ে নিয়ে কোনো উন্নয়ন হতে পারে না।
বক্তারা বলেন, গ্রামীণ হাট মূলত খোলামেলা জায়গায় জমে ওঠে। তিনতলা ভবনের ভেতরে প্রথাগত গ্রামীণ হাট-বাজার পরিচালনা করা বাস্তবসম্মত নয়। অতীতে বিভিন্ন স্থানে এ ধরনের বহুতল হাট-বাজার নির্মিত হলেও সেগুলো ব্যবসায়িকভাবে জমে ওঠেনি বলে দাবি করেন তারা।
ফরকেরহাট বাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা প্রায় ৩০০ বছরের পুরোনো বটগাছটিকে কেবল ছায়াদাতা বৃক্ষ নয়, বরং অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতীক হিসেবে উল্লেখ করেন এলাকাবাসী। উন্নয়নের নামে এই প্রাচীন গাছ কাটার উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তারা।
বক্তারা অবিলম্বে কুড়িগ্রাম এলজিইডির এই অপরিকল্পিত তিনতলা ভবন নির্মাণের প্রকল্প বাতিলে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ফরকেরহাট বাজারের ব্যবসায়ী দুলাল মন্ডল, নজরুল ইসলাম, ডাক্তার কফিল উদ্দিন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান, আব্দুল কাদের প্রমুখ।
