বর্জ্য থেকে সম্পদ: পরিচ্ছন্ন কুষ্টিয়া গড়তে পিপিপি মডেলে মাঠে নামল চার বেসরকারি প্রতিষ্ঠান। ফাইল ছবি
ঐতিহ্যবাহী কুষ্টিয়া পৌর শহরকে পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) মডেলে চারটি বেসরকারি প্রতিষ্ঠানকে যুক্ত করে ২১টি ওয়ার্ডে মাঠপর্যায়ে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। বর্জ্যকে বোঝা নয়, সম্পদে রূপান্তরের লক্ষ্য নিয়ে এ উদ্যোগকে নগর পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।
গত বুধবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের দিশা মিলনায়তনে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর ও কার্যাদেশ প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
‘বর্জ্য থেকে সম্পদ, সমৃদ্ধির পথে নগর, পরিচ্ছন্ন কুষ্টিয়া, টেকসই ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়া পৌরসভা ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এসএনভি’র (SNV) যৌথ উদ্যোগে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, ১৮৬৯ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত কুষ্টিয়া পৌরসভার বর্তমান আয়তন ৪২ দশমিক ৭৯ বর্গকিলোমিটার। ২১টি ওয়ার্ডে প্রায় ২ লাখ ২৯ হাজার মানুষের বসবাস। এ শহরে প্রতিদিন গড়ে প্রায় ১০০ টন বর্জ্য উৎপন্ন হয়। কিন্তু পৌরসভার নিজস্ব জনবল ও যানবাহনের সীমাবদ্ধতায় প্রতিদিন অপসারণ করা সম্ভব হয় মাত্র ৬১ টন। ফলে প্রায় ৩৯ টন বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থেকে যাচ্ছে।
বিশেষ করে গৃহস্থালি পর্যায়ে প্রাথমিক বর্জ্য সংগ্রহের আওতা মাত্র ২০ শতাংশ হওয়ায় নগরজুড়ে বর্জ্য ব্যবস্থাপনায় বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। এই সংকট মোকাবিলা, নাগরিক সেবার পরিধি বাড়ানো এবং বর্জ্য অপসারণ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করতেই বেসরকারি খাতকে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভার ২১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া চার প্রতিষ্ঠান হলো—পলিন ফাউন্ডেশন, রূপসী বাংলা পল্লীসেবা সংস্থা, এরাস ভেঞ্চার্স লিমিটেড এবং চৌঁড়হাস ফুলতলা কল্যাণ সংস্থা।
চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানগুলো বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ, পরিবহন, গ্রাহকসেবা নিশ্চিতকরণ এবং সংগৃহীত বর্জ্য নিরাপদভাবে হস্তান্তরের দায়িত্ব পালন করবে। এ কার্যক্রমে পেশাদারিত্ব, শহরব্যাপী সেবার সম্প্রসারণ, পৌরসভার ব্যয় ও ভর্তুকি হ্রাস, জবাবদিহিতা এবং বর্জ্যের পুনঃব্যবহার ও রিসাইক্লিংকে গুরুত্ব দেওয়া হবে।
অপারেটরদের কাজ মূল্যায়নে বর্জ্য সংগ্রহের হার, সেবার আওতা, গ্রাহক সন্তুষ্টি, নিরাপদ নিষ্পত্তি এবং নিম্ন আয়ের এলাকার মানুষের সেবায় অন্তর্ভুক্তি—এসব বিষয়কে মানদণ্ড হিসেবে নির্ধারণ করা হয়েছে। ফলে শুধু বর্জ্য অপসারণ নয়, সেবার মান ও নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কুষ্টিয়া পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কুষ্টিয়া পৌরসভা বাংলাদেশের জন্য একটি রোল মডেল। এ কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে পরিকল্পিত আবাসন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
স্বাগত বক্তব্যে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রেশমা খাতুন বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান চিত্র, বিদ্যমান সংকট এবং পিপিপি মডেলের প্রয়োজনীয়তা তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এসএনভি ক্লাস্টার কো-অর্ডিনেটর রেজাউল হুদা মিলন।
উল্লেখ্য, এক যুগেরও বেশি সময় ধরে নেদারল্যান্ডস সরকারের সহায়তায় ‘নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় কুষ্টিয়া পৌরসভার সক্ষমতা ও দক্ষতা উন্নয়নে কাজ করছে এসএনভি।
অনুষ্ঠানের কারিগরি পর্বে পৌরসভার শহর পরিকল্পনাবিদ ও প্রকল্প ফোকাল পারসন রানভীর আহমেদ বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চেইন এবং একটি কার্যকর মডেল প্রতিষ্ঠার রূপরেখা উপস্থাপন করেন। দ্বিতীয় পর্বে নির্বাহী প্রকৌশলী মো. সোহেল রানা বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পরিস্থিতি ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
বেসরকারি প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশ ব্যাংকের ‘গ্রিন ফাইন্যান্সিং’ সুবিধা কাজে লাগাতে পারে এবং স্থানীয় বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানগুলো পৌরসভার উন্নয়নে অংশীদার হতে পারে, সে লক্ষ্যেও অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি বিআরবি গ্রুপসহ শীর্ষ শিল্পপ্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়।
এসএনভি কুষ্টিয়ার প্রজেক্ট ম্যানেজার নবনীতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে নগরবাসীর প্রতি বিশেষ আহ্বান জানায় পৌর কর্তৃপক্ষ। এ উদ্যোগ সফল করতে নাগরিকদের নিজ নিজ বাসা ও প্রতিষ্ঠান থেকে জৈব এবং অজৈব বর্জ্য আলাদা করতে হবে, নির্ধারিত সেবা ফি পরিশোধ করতে হবে এবং যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিক সচেতনতা, দায়িত্বশীলতা ও অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কুষ্টিয়া শহরকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার পথ আরও সুগম হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
