জাহাজ চলাচল বন্ধ, ফিরতে পারছেন না দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ শিক্ষক-শিক্ষার্থী; দুর্ঘটনায় আহত একজনের চিকিৎসা নিয়েও উদ্বেগ। ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ থাকায় কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে প্রায় এক হাজার পর্যটক আটকা পড়েছেন। এর মধ্যে দুই বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষক-শিক্ষার্থী রয়েছেন। দীর্ঘদিন দ্বীপে অবস্থান করতে গিয়ে অনেকের খাবারের জন্য রাখা টাকা প্রায় শেষ হয়ে এসেছে। দেখা দিয়েছে আর্থিক সংকট। এরই মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ায় আটকে পড়া শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেড়েছে।
আটকে পড়া ৯৬ জনের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন। জাবিপ্রবির এক শিক্ষার্থীর হাঁটুর প্যাটেলা (হাঁটুর হাড়) স্থানচ্যুত হয়েছে। দ্বীপে প্রয়োজনীয় চিকিৎসাসুবিধা না থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
জাবিপ্রবির ৩১ সদস্যের দলটিতে রয়েছেন দুজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী। সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গত ১৭ নভেম্বর শিক্ষা সফরে সেন্টমার্টিনে যান। ১৯ নভেম্বর তাদের ফিরে আসার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দ্বীপেই আটকে পড়েন তারা।
বিভাগটির প্রভাষক হোসাইন মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার রাতে হঠাৎ জানানো হয়, বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে। পরে শুক্রবারও জাহাজ চলাচল বন্ধ থাকার খবর দেওয়া হয়। এতে তারা বিপাকে পড়েছেন। দীর্ঘদিন দ্বীপে অবস্থান করতে গিয়ে খাবারের জন্য সঙ্গে রাখা অর্থও প্রায় শেষ হয়ে এসেছে।
জাবিপ্রবির উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন বলেন, দুই শিক্ষকসহ বিশ্ববিদ্যালয়ের ৩১ জন সেন্টমার্টিনে আটকা পড়েছেন। তাদের একজন দুর্ঘটনায় আহত হয়েছেন। পাশাপাশি তাদের আর্থিক সংকটও দেখা দিয়েছে। আটকে পড়াদের দ্রুত ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
সেন্টমার্টিন হাসপাতালের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহিদুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দ্বীপে এ ধরনের চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
কোস্টগার্ড জানিয়েছে, আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় তাকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাদের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সমুদ্রপথে যাতায়াত বন্ধ থাকায় দ্বীপে আটকে পড়া পর্যটকদের দুর্ভোগ বাড়ছে। বিশেষ করে আহত শিক্ষার্থীর চিকিৎসা, খাবার ও অর্থসংকটের বিষয়টি সামনে আসায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং নিরাপদে পর্যটকদের ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।
