বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বেতন ৩০ হাজার, চলেন ৪৫ লাখ টাকার গাড়িতে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৫, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড়, বাস-ব্যবসা ও বিলাসী জীবন ঘিরে দুর্নীতির গুরুতর অভিযোগ। ফাইল ছবি

সরকারি চাকরিতে মাসিক বেতন-ভাতা সর্বসাকুল্যে ৩০ থেকে ৩২ হাজার টাকা। অথচ চলাফেরা করেন প্রায় ৪৫ লাখ টাকা দামের বিলাসবহুল ব্যক্তিগত গাড়িতে। বসবাস করেন বসুন্ধরার অভিজাত আবাসিক এলাকায়, যেখানে বাড়িভাড়া মাসে প্রায় ৬০ হাজার টাকা। শুধু ব্যক্তিগত গাড়ি কিংবা বিলাসী বাসস্থানই নয়, রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে তাঁর মালিকানাধীন অন্তত চারটি ৫২ আসনের বাস। কিশোরগঞ্জের কুলিয়ারচরে রয়েছে কোটি টাকা ব্যয়ে নির্মিত ডুপ্লেক্স বাড়ি।

এমনই বিপুল সম্পদ, বিলাসী জীবনযাপন ও কথিত ব্যবসায়িক সাম্রাজ্য ঘিরে গুরুতর প্রশ্নের মুখে পড়েছেন ডাক বিভাগের ঢাকা দক্ষিণ মেট্রো সার্কেলের কর্মচারী মোহাম্মদ খলিলুর রহমান ভুঞা। ২০০৪ সালে পোস্টাল অপারেটর পদে ডাক বিভাগে যোগদান করা সাবেক ছাত্রলীগ নেতা খলিলুর রহমান বর্তমানে রাজধানীর ক্যান্টনমেন্ট ডাকঘরে কর্মরত।

তাঁর বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় ব্যবহার করে ডাক বিভাগের প্রশাসনিক কার্যক্রম, বদলি, আউটসোর্সিং নিয়োগ, প্রকল্প, কেনাকাটা ও টেন্ডার বাণিজ্যে প্রভাব বিস্তার করেছেন। গড়ে তুলেছেন শক্তিশালী কর্মচারী সিন্ডিকেট। বিভিন্ন প্রকল্প থেকে ২ থেকে ৩ শতাংশ কমিশন আদায়, নিয়োগের নামে অর্থ গ্রহণ এবং সঞ্চয়পত্র জালিয়াতির মতো গুরুতর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রশ্ন উঠেছে, একজন তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী কীভাবে এত অল্প বেতনে কোটি কোটি টাকার সম্পদ ও ব্যবসায়িক সাম্রাজ্যের মালিক হলেন? তাঁর দৃশ্যমান আয়, সম্পদ ও জীবনযাপনের মধ্যে থাকা এই বিশাল ব্যবধানের উৎস কী?

প্রভাবশালী পরিচয়ে বদলি বাণিজ্যের অভিযোগ

ডাক বিভাগের সংশ্লিষ্ট সূত্র ও অভিযোগকারীদের দাবি, সাবেক ও পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে খলিলুর রহমান ভুঞা ডাক বিভাগের সাধারণ কর্মচারীদের ওপর ব্যাপক প্রভাব বিস্তার করতেন। বিভিন্ন প্রভাবশালী মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ পরিচয় দিয়ে প্রশাসনের ওপর প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, প্রশাসনিক শৃঙ্খলা ও প্রচলিত নিয়মনীতি উপেক্ষা করে নিজের পছন্দমতো কর্মস্থলে পদায়ন নিশ্চিত করতেন তিনি। শুধু নিজের বদলি নয়, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অন্য কর্মচারীদেরও কাঙ্ক্ষিত ও লাভজনক কর্মস্থলে পদায়নের ব্যবস্থা করে দিতেন বলে অভিযোগ রয়েছে।

দাপ্তরিক পদমর্যাদায় তিনি একজন সাধারণ তৃতীয় শ্রেণির কর্মচারী। ১২তম গ্রেডের বেতন স্কেল অনুযায়ী তাঁর সর্বোচ্চ মূল বেতন ২৭ হাজার ৩০০ টাকা। ভাতাসহ মাসিক আয় সর্বসাকুল্যে ৩০ থেকে ৩২ হাজার টাকা। অথচ তাঁর বিরুদ্ধে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ অর্জন, একাধিক বাসের মালিকানা এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ।

মন্ত্রী-এমপি ও প্রভাবশালীদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি

অভিযোগ অনুযায়ী, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই খলিলুর রহমান ভুঞা ডাক বিভাগে ক্রমশ প্রভাবশালী হয়ে ওঠেন। তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মাদারীপুরের তৎকালীন সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপ, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রেদওয়ান আহমেদ তৌফিক, নাজমুল হাসান পাপন, তৎকালীন বাণিজ্যমন্ত্রী আহসানুল হক টিটো এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে অভিযোগ রয়েছে।

আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক সভা-সমাবেশ ও মিছিলেও তাঁর সক্রিয় উপস্থিতির কথা উল্লেখ করেছেন অভিযোগকারীরা। এমনকি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক আলোচিত কর্মকর্তা হারুন অর রশীদের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, রাজনৈতিক প্রভাব ও এসব যোগাযোগকে ঢাল হিসেবে ব্যবহার করে ডাক বিভাগের সাধারণ কর্মচারীদের মধ্যে ভীতি ও চাপের পরিবেশ তৈরি করতেন তিনি। তাঁর বিরুদ্ধে কেউ কথা বললে প্রশাসনিক হয়রানি ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলেও অভিযোগ রয়েছে।

পোস্টম্যান সংগঠন ঘিরে সিন্ডিকেটের অভিযোগ

ডাক বিভাগের পোস্টম্যানদের একটি সংগঠনকে কেন্দ্র করে শক্তিশালী কর্মচারী বলয় গড়ে তোলার অভিযোগ রয়েছে খলিলের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ প্রায় নয় বছর ধরে সংগঠনটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে তিনি নিজের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করেন।

এই সংগঠনের মাধ্যমে অনুগত কর্মচারীদের সংগঠিত করে ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্টদের অভিযোগ, ডাক বিভাগের বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে নিয়মিত ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত কমিশন আদায় করতেন খলিল। এ ছাড়া আউটসোর্সিংয়ে নিয়োগ, কেনাকাটা, টেন্ডার বাণিজ্য ও সঞ্চয়পত্র জালিয়াতির মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আউটসোর্সিং নিয়োগে স্বজনপ্রীতি ও ঘুষের অভিযোগ

খলিলুর রহমান ভুঞার বিরুদ্ধে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগও বেশ গুরুতর।

অভিযোগে বলা হয়েছে, নিজের নিকটাত্মীয় ঢাকা ক্যান্টনমেন্ট টিএসওর পোস্টম্যান মো. ইমরান মিয়াসহ একাধিক ব্যক্তিকে আউটসোর্সিংয়ের মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করেন।

অভিযোগের তালিকায় রয়েছেন বনানী পোস্ট অফিসের মো. আসিফুল ইসলাম, খিলক্ষেত টিএসওর রানার মো. আতিকুল ইসলাম জিহাদ, মোহাম্মদপুর টিএসওর রানার মো. আলমগীর, খিলগাঁও টিএসওর প্যাকার তাকলিমা আক্তার এবং গুলশান টিএসওর রানার মো. মামুনুর রশীদ।

অভিযোগকারীদের দাবি, এসব নিয়োগের ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে গড়ে দুই লাখ টাকা করে নেওয়া হয়েছে। যদিও এসব অর্থ লেনদেনের স্বাধীন ও নিরপেক্ষ যাচাই প্রয়োজন। রাজধানীর গুরুত্বপূর্ণ পোস্ট অফিসগুলোতে তাঁর কথিত অনুগত ব্যক্তিরা এখনো কর্মরত রয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

৩০ হাজার টাকার বেতনে ৬০ হাজার টাকার বাসা!

খলিলুর রহমানের জীবনযাপন ও সম্পদের হিসাব নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন উঠেছে তাঁর বাসস্থান ও যানবাহন ঘিরে।

অভিযোগ অনুযায়ী, তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের ১৫/এ সড়কের ৫২১ নম্বর ভবনে বসবাস করেন। বাড়িটির মাসিক ভাড়া প্রায় ৬০ হাজার টাকা বলে জানা গেছে। অথচ তাঁর সরকারি চাকরি থেকে মাসিক আয় সর্বসাকুল্যে ৩০ থেকে ৩২ হাজার টাকা।

এর বাইরে তাঁর ব্যবহৃত ব্যক্তিগত গাড়ির নম্বর ঢাকা মেট্রো-গ-৪৩-৮৯৭৩। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শুধু ব্যক্তিগত গাড়ি নয়, রাজধানীর বিভিন্ন লাভজনক রুটে তাঁর মালিকানাধীন অন্তত চারটি ৫২ আসনের বাস চলাচল করছে বলে অভিযোগ রয়েছে।

এর মধ্যে ঢাকা মেট্রো-১১-এ-৭৩২০ নম্বরের একটি বাস ডাক বিভাগের স্টাফ বাস হিসেবে চলাচল করছে। এ ছাড়া ‘ভিআইপি পরিবহন’ নামে একটি বাস নিউমার্কেট-গাজীপুর রুটে চলাচল করছে। আরও দুটি বাস ‘অনাবিল’ পরিবহনের নামে পরিচালিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জন্মস্থান কিশোরগঞ্জের কুলিয়ারচরেও কোটি টাকা ব্যয়ে ডুপ্লেক্স বাড়ি নির্মাণের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এসব সম্পদ ও যানবাহনের প্রকৃত মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং আয়কর নথি যাচাই করা হলে তাঁর সম্পদের প্রকৃত চিত্র সামনে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সরকার পরিবর্তনের পরও সক্রিয় হওয়ার অভিযোগ

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিছুদিন আত্মগোপনে ছিলেন খলিলুর রহমান ভুঞা—এমন দাবি করেছেন অভিযোগকারীরা।

তবে সম্প্রতি আবারও ডাক বিভাগের কিছু কর্মচারীকে সংগঠিত করে তিনি সক্রিয় হয়ে উঠছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের আশঙ্কা, দীর্ঘদিন ধরে গড়ে ওঠা কথিত সিন্ডিকেট আবারও ডাক বিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে প্রভাব বিস্তারের চেষ্টা করতে পারে।

অভিযোগকারীদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে একজন সাধারণ কর্মচারী এতটা প্রভাবশালী হয়ে উঠলেন? তাঁর কথিত সম্পদ ও ব্যবসার উৎস কেন এখনো যথাযথভাবে যাচাই করা হয়নি?

সম্পদের উৎস অনুসন্ধানের দাবি

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, অভিযোগগুলো সত্য হলে এতদিন তিনি কীভাবে নির্বিঘ্নে এসব কর্মকাণ্ড চালিয়ে গেলেন, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তিনি বলেন, তাঁর ব্যাংক হিসাব, আয়কর নথি, স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ, গাড়ি ও বাসের মালিকানা, সংশ্লিষ্ট কোম্পানি বা ব্যবসায়িক স্বার্থ, নিয়োগসংক্রান্ত নথি, বদলি আদেশ এবং প্রকল্প-টেন্ডারের কাগজপত্র যাচাই করলেই অনেক প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, একজন সরকারি কর্মচারীর বৈধ আয় ও ঘোষিত সম্পদের সঙ্গে বাস্তব জীবনযাপনের বড় ধরনের অসামঞ্জস্য থাকলে সেটি কেবল গুঞ্জনের বিষয় নয়; বরং প্রাতিষ্ঠানিক অনুসন্ধানের বিষয়। ডাক বিভাগ কতটা দুর্নীতিমুক্ত বা দুর্নীতিপরায়ণ, তার কিছুটা চিত্র এসব কর্মচারীর জীবনমান দেখলেও পাওয়া যেতে পারে। বিষয়গুলো দুর্নীতি দমন কমিশনের (দুদক) খতিয়ে দেখা উচিত।

যা বলছেন খলিলুর রহমান

প্রতিবেদনে উল্লিখিত অভিযোগের বিষয়ে লিখিতভাবে মোহাম্মদ খলিলুর রহমান ভুঞার বক্তব্য চাওয়া হয়। তবে ফোনে তিনি দাবি করেন, ডাক বিভাগে তিনি তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও পৈতৃক সূত্রেই বহু সম্পদের মালিক।

সরকারি চাকরিবিধি মেনেই তিনি ব্যবসা করছেন বলেও মৌখিকভাবে দাবি করেন তিনি।

তবে তাঁর পৈতৃক সম্পদের পরিমাণ, ব্যবসার ধরন, বাস ও ব্যক্তিগত গাড়ির মালিকানা এবং এসব সম্পদ অর্জনের অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সব মিলিয়ে একজন সাধারণ সরকারি কর্মচারীর ঘোষিত আয়, কথিত বিপুল সম্পদ, একাধিক বাসের মালিকানা এবং বিলাসী জীবনযাপনের বিষয়গুলো এখন অনুসন্ধানের দাবি রাখে। অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে ডাক বিভাগের অভ্যন্তরীণ তদন্তের পাশাপাশি দুদকের নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।