১২ ডিসেম্বর শেষ হচ্ছে চুক্তির মেয়াদ, নতুন উদ্যোগ নিতে ভারতকে আহ্বান বাংলাদেশের। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: ভিডিও থেকে নেওয়া
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন ও এ-সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত সরকারের কাছে দুটি চিঠি পাঠিয়েও কোনো জবাব পায়নি বাংলাদেশ। আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিষয়টি সমাধানে ভারতকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
বৃহস্পতিবার রাজধানীর পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত আলোচনা সভা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, আমরা প্রতিবেশী দেশের কাছে গঙ্গার চুক্তি নিয়ে দুটি চিঠি পাঠিয়েছি। তারা একটি চিঠিরও উত্তর দেয়নি। আমি ব্যক্তিগতভাবেও একটি চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাইনি।
ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই বন্ধুত্ব কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে কেন্দ্র করে নয়; বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গে হতে হবে। ভারত বন্ধুত্বের মনোভাব নিয়ে গঙ্গার পানি বণ্টন সমস্যার সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা করে বাংলাদেশ।
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তবে ভারতের জবাবের অপেক্ষায় বসে নেই সরকার। দেশের পানিসম্পদ সংরক্ষণ, পানির প্রাপ্যতা বৃদ্ধি এবং উৎপাদন ও উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সংরক্ষণের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প এবং পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বাড়াতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।
ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বলেন, তাঁর সঙ্গে কথা হয়েছে এবং তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। হাইকমিশনার সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি বা ফল পাওয়া যায়নি।
মন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত সঠিক সিদ্ধান্ত নেবে এবং নতুন বন্ধুত্বের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।
