কারাগারে কিংবা বিদেশে পলাতক থেকেও অপরাধের কলকাঠি নাড়ছে তারা। এলাকায় এলাকায় সক্রিয় সেকেন্ড ইন কমান্ড, চাঁদাবাজি-দখলবাজি-টেন্ডারবাজিতে নিজস্ব বাহিনীর আধিপত্য। ফাইল ছবি
রাজধানীর অপরাধ জগতের নিয়ন্ত্রণ নিয়ে চলছে এক অদৃশ্য ক্ষমতার লড়াই। কেউ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বন্দি, কেউ বিদেশে পলাতক; আবার কেউ দেশেই আত্মগোপনে থেকে নিয়ন্ত্রণ করছে অপরাধের সাম্রাজ্য। অবস্থান যেখানেই হোক, রাজধানীর বিভিন্ন এলাকায় তাদের প্রভাব ও আধিপত্যের জাল এখনো সক্রিয় বলে অভিযোগ রয়েছে। চাঁদাবাজি, জমি ও ফ্ল্যাট দখল, মাদক কারবার, ঝুট ব্যবসা, টেন্ডারবাজি থেকে শুরু করে ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ন্ত্রণ—সবখানেই রয়েছে তাদের নিজস্ব বাহিনীর তৎপরতা।
অভিযোগ রয়েছে, আধিপত্য বিস্তারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালেই তাকে সরিয়ে দিতে ব্যবহার করা হচ্ছে ভাড়াটে শুটার ও সশস্ত্র ক্যাডার। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রকাশ্যে গুলি, ধারালো অস্ত্র দিয়ে হামলা কিংবা নির্মাণাধীন ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনাও ঘটছে। আপস-রফায় রাজি না হলে নেমে আসছে প্রাণনাশের হুমকি। রাজধানীর অপরাধ জগতের এই নিয়ন্ত্রণব্যবস্থায় সামনে না থেকেও নেপথ্যে থেকে কলকাঠি নাড়ছেন একাধিক আলোচিত শীর্ষ সন্ত্রাসী।
গোয়েন্দা সূত্রের দাবি, রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে অন্তত ১৫ শীর্ষ সন্ত্রাসী ও তাদের সহযোগীরা এখনো অপরাধমূলক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছে। তাদের অনেকেই বিদেশে অবস্থান করলেও দেশে থাকা সেকেন্ড ইন কমান্ড ও স্থানীয় ক্যাডারদের মাধ্যমে নিজ নিজ এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে। অনুসন্ধানে উঠে এসেছে, রাজধানীর মিরপুর থেকে মোহাম্মদপুর, গুলশান থেকে যাত্রাবাড়ী—বিভিন্ন এলাকায় রয়েছে এসব গোষ্ঠীর প্রভাববলয়।
মিরপুরে ফোর স্টার গ্রুপের আধিপত্যের অভিযোগ
বৃহত্তর মিরপুর এলাকায় চাঁদাবাজি, ঝুট ব্যবসা, ফ্ল্যাট ও প্লট দখল এবং মাদক কারবার নিয়ন্ত্রণে আলোচনায় রয়েছে ফোর স্টার গ্রুপের মামুন, শাহাদাত হোসেন, কিলার ইব্রাহিম ও মোক্তার হোসেনের নাম। অভিযোগ রয়েছে, বিদেশে অবস্থান করেও তারা নিজস্ব সহযোগীদের মাধ্যমে এলাকায় প্রভাব বজায় রেখেছেন।
মালয়েশিয়ায় পলাতক মফিজুর রহমান মামুনের নিয়ন্ত্রণে রয়েছে পল্লবী, মিরপুর-১২, সাগুফতা ও বাউনিয়া এলাকা। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করছেন দুই ভাই মশিউর রহমান মশু ও জামিল।
আবুধাবিতে অবস্থানরত শাহাদাৎ হোসেনের প্রভাব রয়েছে মিরপুরের ১, ২, ৬ ও ৭ নম্বর সেকশন, রূপনগর এবং শাহআলী এলাকায়। দুবাইয়ে অবস্থানরত ইব্রাহিম ওরফে কিলার ইব্রাহিমের নিয়ন্ত্রণে রয়েছে মিরপুরের ১৩ ও ১৪ নম্বর সেকশন, ভাসানটেক ও কালশী। অন্যদিকে ভারতে পলাতক মোক্তার হোসেনের প্রভাব রয়েছে মিরপুরের ১০ ও ১১ নম্বর সেকশনে।
মোহাম্মদপুর থেকে ধানমন্ডি—ইমনের প্রভাববলয়
ব্রাজিলে পলাতক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের নিয়ন্ত্রণে রয়েছে মোহাম্মদপুর, ধানমন্ডি, হাজারীবাগ, লালবাগ, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকা। পলাতক হাবিবুর রহমান তাজের প্রভাব রয়েছে মিরপুরের ২, ৬ ও ১০ নম্বর সেকশন এবং বর্ধিত পল্লবীতে।
দেশেই ঘাপটি মেরে থাকা পিচ্চি হেলালের প্রভাববলয় মোহাম্মদপুর, বসিলা, রায়েরবাজার, নিউমার্কেট, আদাবর, কল্যাণপুর ও পাইকপাড়া পর্যন্ত বিস্তৃত বলে জানা গেছে। পটপরিবর্তনের পর জামিনে বেরিয়ে নিজের অবস্থান ও প্রভাব বাড়ানোর চেষ্টা করছেন তিনি—এমন তথ্যও রয়েছে।
রামপুরা থেকে মতিঝিল—অপরাধের নিয়ন্ত্রণে একাধিক গোষ্ঠী
দীর্ঘদিন ধরে দুবাইয়ে পলাতক জিসান আহমেদ মন্টির প্রভাব রয়েছে রামপুরা, বনশ্রী, মালিবাগ, খিলগাঁও ও বাড্ডার কিছু এলাকায়। ভারতে অবস্থানরত ফ্রিডম মানিকের নিয়ন্ত্রণে রয়েছে মতিঝিল, পল্টন, শাহজাহানপুর ও সবুজবাগ।
দেশে আত্মগোপনে থাকা খোরশেদ আলম রাসুর ইশারায় মৌচাক, মালিবাগ, মগবাজার ও সিদ্ধেশ্বরী এলাকার অপরাধ জগত পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার পর টিটন হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। তার প্রভাবাধীন এলাকা হিসেবে পরিচিত কারওয়ান বাজার, তেজগাঁও, তেজতুরী বাজার, ফার্মগেট, রাজাবাজার ও শেরেবাংলানগর।
বর্তমানে কারাগারে থাকা সুব্রত বাইনের প্রভাব রয়েছে রমনা ও হাতিরঝিল এলাকায়। অন্যদিকে গত বছর বাড্ডার গুদারাঘাটে বিএনপি নেতা কামরুল আহসান সাধন হত্যার পর আলোচনায় আসেন আমেরিকায় পলাতক কলিং মেহেদী। তার নিয়ন্ত্রণে রয়েছে বাড্ডা, গুলশান ও মহাখালী এলাকা বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।
মেহেদী গ্রুপের প্রতিপক্ষ হিসেবে পরিচিত মালয়েশিয়ায় পলাতক মাহবুব হাসানের প্রভাব রয়েছে ভাটারা, শাহজাদপুর, গুলশান, উত্তর বাড্ডা ও মধ্যবাড্ডায়। এ ছাড়া কারাগারে থাকা মো. ইয়াছিন উদ্দিন লিটন ওরফে শুটার লিটনের প্রভাব রয়েছে যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুর এলাকায়।
২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকা থেকে পাঁচজনের মৃত্যু
গোয়েন্দা সূত্র জানিয়েছে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরস্কারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ইতোমধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে পলাতক রয়েছেন ১১ জন। বাকিদের কেউ কারাগারে, কেউবা দেশের ভেতরে আত্মগোপনে রয়েছেন।
মৃত পাঁচজনের মধ্যে টার্গেট কিলিংয়ের শিকার হন নাঈম আহমেদ টিটন। কিডনি জটিলতায় মারা যান খন্দকার তানভীর ইসলাম ওরফে জয়। কারাগারে অসুস্থ হয়ে মারা যান কামাল পাশা। ২০০২ সালে রামপুরায় গণপিটুনিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী এম আলাউদ্দিন। আর ২০০৪ সালের ২৬ জুন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন পিচ্চি হান্নান।
অন্যদিকে ফ্রিডম সোহেল ও খোরশেদ আহমেদ ওরফে রাসু এখনো লাপাত্তা। নব্বইয়ের দশকে মোহাম্মদপুরকেন্দ্রিক অপরাধ জগতে আলোচিত নামগুলোর মধ্যে তারাও ছিলেন।
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের আপন ভাই হিসেবে আলোচিত হারিস আহমেদ ওরফে হারেস ইউরোপের বিভিন্ন দেশে চলাচল করছেন বলে সূত্রের দাবি।
সেভেন স্টার গ্রুপ থেকে কালা জাহাঙ্গীর—পুরোনো সাম্রাজ্যের ছায়া
কুখ্যাত সেভেন স্টার গ্রুপের প্রধান ত্রিমতি সুব্রত বাইন বর্তমানে কারাগারে বন্দি। জাফর আহমেদ মানিক যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন। পলাতক রয়েছেন আরেক সন্ত্রাসী মশিউর রহমান কচি।
শীর্ষ সন্ত্রাসী শামীম আহমেদ ওরফে আগা শামীম, জব্বার মুন্না ও ইমাম হোসেন ফ্রিডম ইমাম ভারতে পলাতক রয়েছেন। প্রকাশ বিশ্বাস এবং আমিনুর রসুল সাগর ওরফে টোকাই সাগর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কামরুল হাসান ইউরোপের কোনো একটি দেশে রয়েছেন বলে জানা গেছে।
২০০৭ সালের ওয়ান-ইলেভেনের পর শীর্ষ সন্ত্রাসী লিয়াকত রহস্যজনকভাবে নিখোঁজ হন। ২০০৩ সালের পর থেকে ঢাকার একসময়ের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী কালা জাহাঙ্গীরও রহস্যজনক অন্তরালে রয়েছেন।
এদিকে পটপরিবর্তনের পর জামিনে মুক্ত হয়ে পিচ্চি হেলাল আবারও নিজের প্রভাব ও ক্ষমতা বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। ফলে পুরোনো অপরাধী চক্রের পাশাপাশি নতুন করে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা রাজধানীর অপরাধ জগতে উদ্বেগ বাড়াচ্ছে।
অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুলিশের
রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের তৎপরতা এবং শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের অবস্থান সম্পর্কে ডিএমপির সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মোহাম্মদ ওসমান গণি বলেন, অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না—সে যেই হোক। আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে, তাদের আইনের আওতায় আনার সর্বাত্মক চেষ্টা চলছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সুইডেন আসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। খুব দ্রুত সময়ের মধ্যে আরও ভালো ফল পাওয়া যাবে।
ডিবি মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ রাকিব খাঁন বলেন, মিরপুরে ফোর স্টার গ্রুপের যে ধরনের তৎপরতা বেড়েছিল, সেটি এখন আর নেই। কেউ কোনো অপরাধ ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিয়ন্ত্রণের লড়াইয়ে নগরবাসীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ
রাজধানীর অপরাধ জগতের চিত্রে দেখা যাচ্ছে, শীর্ষ সন্ত্রাসীদের অনেকে সরাসরি মাঠে না থাকলেও তাদের সহযোগীদের মাধ্যমে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে। বিদেশে অবস্থান, কারাবাস কিংবা আত্মগোপন—কোনোটিই যেন তাদের প্রভাব পুরোপুরি বিচ্ছিন্ন করতে পারেনি।
তবে গোয়েন্দা সূত্রে উঠে আসা এসব নিয়ন্ত্রণের তথ্য এবং বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগের স্বাধীন যাচাই ও আইনগত তদন্ত জরুরি। একই সঙ্গে অপরাধী চক্রের অর্থায়ন, সহযোগী নেটওয়ার্ক এবং মাঠপর্যায়ের সশস্ত্র সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে রাজধানীর অপরাধ জগতের এই অদৃশ্য সাম্রাজ্য ভাঙা কঠিন হয়ে পড়বে।
