হোটেলের সামনে মুরগির গাড়ি রাখা নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ। জড়িত সন্দেহে মুরগি ব্যবসায়ী ও তাঁর ছেলের খোঁজে পুলিশ। নিহত হোটেল ব্যবস্থাপক নাইমুর রহমান। ছবি-সংগৃহীত
রাজধানীর ওয়ারীতে একটি আবাসিক হোটেলে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নাইমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা হোটেলের আরও দুই কর্মকর্তা-কর্মচারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে জয়কালী মন্দিরের পাশে অবস্থিত ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ নৃশংস হামলার ঘটনা ঘটে।
নিহত নাইমুর রহমান ওই হোটেলের ব্যবস্থাপক ছিলেন। আহতরা হলেন হোটেলটির মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী মো. হাসান। তারা শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওয়ারী থানার এসআই আল আমিন মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে দুই ব্যক্তি হোটেলে প্রবেশ করেন। এরপর তারা নাইমুর রহমানকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তার চিৎকার শুনে হোটেলের মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক ও কর্মী হাসান এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও কুপিয়ে জখম করেন।
পরে আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাইমুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুর রাজ্জাকের পিঠে গুরুতর জখম এবং হাসানের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শ্যামলীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
মুরগির গাড়ি রাখা নিয়ে বিরোধ, হামলার নেপথ্যে ব্যবসায়ী ও ছেলে?
পুলিশ সূত্রে জানা গেছে, ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের সামনে মুরগি ব্যবসায়ীদের গাড়ি রাখা ও বসাকে কেন্দ্র করে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এক মুরগি ব্যবসায়ী ও তার ছেলের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তবে হামলাকারীদের সঙ্গে নিহত নাইমুর রহমানের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই রেদোয়ানুল ইসলাম সমতল মাতৃভূম’কে বলেন, মুরগি ব্যবসায়ীদের সঙ্গে নাইমুরের ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। হোটেলের সামনে মুরগিবাহী গাড়ি রাখা নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়ীদের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশের কাছে অভিযোগও জানিয়েছিল।
তিনি আরও জানান, বৃহস্পতিবার রাতে ওই বিরোধের জের ধরে মুরগি ব্যবসায়ীরা প্রথমে হোটেলের নিরাপত্তাকর্মীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা হোটেলের দোতলায় উঠে যান। সেখানে রিসেপশনে দায়িত্ব পালন করছিলেন নাইমুর। তাকে সামনে পেয়েই হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় নাইমুরকে রক্ষা করতে এগিয়ে আসা আরও দুই হোটেল কর্মকর্তা-কর্মচারীকেও কুপিয়ে আহত করা হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পূর্ববিরোধের জেরে একটি আবাসিক হোটেলে ঢুকে এমন প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
