ছবি: সংগৃহীত
নিষেধাজ্ঞা অমান্য করে সেন্টমার্টিন দ্বীপের সমুদ্রসৈকতের বালুচরে মোটরসাইকেল নিয়ে মহড়া দিয়েছেন টেকনাফ উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতাকর্মীরা। শুক্রবার সকাল ১০টার দিকে ‘টেকনাফ উপজেলা ছাত্রদল’ নামে একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে সৈকতের বালুচরে তাদের মোটরসাইকেল চালানোর দৃশ্য দেখা যায়। ভিডিওটি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রকাশিত ভিডিওতে সাতটি মোটরসাইকেলে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েমুল ইসলাম, হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখার সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সৈকত, হোয়াইক্যং দক্ষিণ শাখা ছাত্রদলের নেতা মালেক হোসেন নোবেলসহ সেন্টমার্টিন ইউনিয়ন ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি টেকনাফ উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে যান। সেখানে তারা সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে সৈকতের বালুচরে একাধিক মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করেন এবং ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে প্রচার করেন।
সৈকতে মোটরসাইকেল চালানোর বিষয়টি স্বীকার করে উপজেলা ছাত্রদলের সভাপতি আবু হুরাইরা শামীম বলেন, ‘সৈকত দিয়ে এক পাড়া থেকে অন্য পাড়ায় গিয়েছিলাম। এটি আমাদের কোনো বাইক শোডাউন নয়। এখানে চার-পাঁচটি বাইক ছিল মাত্র। সৈকতে বাইক চলাচল নিষিদ্ধ, সে বিষয়ে আমি অবগত ছিলাম না। তবে এখানে আরও অনেককে বাইক নিয়ে ঘুরতে দেখেছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী বলেন, ‘বিষয়টি নজরে এসেছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পরিবেশ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। দ্বীপের পরিবেশ রক্ষায় অভিযান কার্যক্রম চলমান থাকবে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম বলেন, সেন্টমার্টিনের সৈকতে যান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। দ্বীপের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্ট কর্তৃপক্ষ ও পর্যটকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
গত ২৩ নভেম্বর সেন্টমার্টিন দ্বীপে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে সেন্ট ক্যাসেল রিসোর্টকে তিন লাখ টাকা জরিমানা করেন। একই দিন সৈকতের বালুচরে নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের অভিযোগে চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছিল।
