শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাল জন্মনিবন্ধনে পাসপোর্টের চেষ্টা, ২ রোহিঙ্গাসহ আটক ৪

নেত্রকোনা প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সংগৃহীত

জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গেলে এক তরুণীর পরিচয় ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শুক্রবার চারজনের বিরুদ্ধে পূর্বধলা থানায় প্রতারণার অভিযোগে মামলা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কাউসার বিবি, রশিদ উল্লাহ, পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়নের পাটলি গ্রামের আবদুল জলিল ও পূর্বধলা সদর ইউনিয়নের ইলাশপুর গ্রামের মো. আজিজুল।

জানা গেছে, নেত্রকোনার পূর্বধলার পাটলি গ্রামে গত ২৪ নভেম্বর কাউসার বিবি তাঁর বাবার সঙ্গে এক বাড়িতে যান। অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় জাল কাগজপত্র তৈরি করে তাঁর নামে জন্মনিবন্ধন সনদ নেওয়া হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দুই উদ্যোক্তার জড়িত থাকার অভিযোগও উঠেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুই রোহিঙ্গা দালালের মাধ্যমে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নেত্রকোনায় আসেন। পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে কাউসার বিবির কথাবার্তা ও দাখিল করা কাগজপত্রে অসংগতি দেখতে পান পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে বিষয়টি পূর্বধলার আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। এ ঘটনায় পূর্বধলা থানার এসআই মোবারক হোসেন বাদী হয়ে শুক্রবার প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে পুলিশ শুক্রবার ওই চারজনকে আদালতে পাঠায়। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পূর্বধলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী জানান, বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার বিষয়টি জানার পর সেখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে ইউএনওর নির্দেশে গত বৃহস্পতিবার বিকেলে চারজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, প্রতারণার অভিযোগে গত বৃহস্পতিবার রাতে চারজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।