শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের গাড়ি ফিরল লাশবাহী হয়ে” — খুলনায় নৌবাহিনীর বাসের সঙ্গে সংঘর্ষে নবদম্পতিসহ ১৪ প্রাণ ঝরল

খুলনা জেলা প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা মেডিকেল কলেজ মর্গে পড়ে আছে নববধূর পোশাক। ছবি: সংগৃহীত

কয়েক ঘণ্টা আগেও যেখানে বাজছিল বিয়ের আনন্দধ্বনি, হাসি আর শুভেচ্ছার কোলাহল—সেই আনন্দযাত্রাই মুহূর্তের মধ্যে পরিণত হলো মৃত্যুর মিছিলে। খুলনার কয়রায় বিয়ের পর নববধূকে নিয়ে ঘরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জনের প্রাণ ঝরে গেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যার পর খুলনার কয়রা উপজেলার নাকশা এলাকা থেকে মোংলার উদ্দেশে রওনা হয় বর সাব্বিরের মাইক্রোবাস। সদ্যবিবাহিত স্ত্রী মিতুকে পাশে নিয়ে নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের পথেই অপেক্ষা করছিল নির্মম পরিণতি।
পথিমধ্যে বেলাই ব্রিজ এলাকায় মোংলা থেকে খুলনাগামী নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে বর-কনেবাহী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায়।

এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চারপাশে শুরু হয় আর্তনাদ। উদ্ধারকারীরা একে একে রক্তাক্ত দেহ বের করতে থাকেন বিধ্বস্ত গাড়ি থেকে। অনেকেই তখনই প্রাণ হারিয়েছিলেন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শোকের ভারে নত হয়ে পড়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্বজনদের বুকফাটা কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতালের বাতাস।
হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মেহেনাজ মোশাররফ জানান, হাসপাতালে ১০টি মরদেহ আনা হয়েছে। অন্যদিকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আরও চারজনের মরদেহ।

পুলিশ জানায়, নৌবাহিনীর যাত্রীবাহী বাসটি খুলনার দিকে যাচ্ছিল এবং বর-কনেবাহী মাইক্রোবাসটি মোংলার দিকে যাচ্ছিল। কাটাখালি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) কেএম হাসানুজ্জামান বলেন, বেলাইব্রিজ এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়।

স্বজনরা জানান, দুপুরেই কয়রার নাকশা এলাকায় সাব্বির ও মিতুর বিয়ে সম্পন্ন হয়েছিল। সন্ধ্যায় নববধূকে নিয়ে মোংলায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। কিন্তু সুখের সেই যাত্রা শেষ হয় মৃত্যুর অন্ধকারে।
একটি নতুন সংসার শুরু হওয়ার আগেই নিভে গেল দুই পরিবারের বহু প্রাণ।
বিয়ের আনন্দের মিছিল তাই মুহূর্তেই রূপ নিল শোকের শবযাত্রায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।