কুষ্টিয়া সদর উপজেলার পৌর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত এক ঝটিকা অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই তদারকিমূলক অভিযানে পৌর বাজারের কাপড় ও কসমেটিকসের দোকানগুলোতে বিশেষ নজরদারি করা হয়। অভিযানে দেখা যায়, অনেক দোকানে নির্ধারিত নিয়ম অনুযায়ী পণ্যের গায়ে মূল্য তালিকা উল্লেখ করা হয়নি এবং বিদেশি কসমেটিকস পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্যও উল্লেখ নেই।
অভিযান চলাকালে একদর নীতিমালা থাকলেও কাপড়ের গায়ে মূল্য উল্লেখ না করায় পৌর বাজারের থ্রি পিস কর্ণারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিদেশি কসমেটিকসের ক্রয়ের বৈধ রশিদ না থাকা এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় পৌর বাজারের ইমন ভ্যারাইটিজ স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই ধরনের অনিয়মে পণ্যের মোড়কে আমদানিকারকের নাম ও দেশীয় মূল্য উল্লেখ না থাকায় পৌর বাজারের জ্যোতি কসমেটিকসকে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী। এ সময় তাকে সহায়তা করেন সদর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি চৌকস টিম এবং র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি টহল দল উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
