বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন নেতৃত্ব, এক বছর বৈশ্বিক বহুপাক্ষিক ফোরামের সভাপতির দায়িত্বে ড. খলিলুর রহমান

বিশ্ব কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আগামী এক বছর জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপাক্ষিক এ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করবেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সমাপ্তি পর্ব এবং ৮১তম অধিবেশনের সূচনালগ্নে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন ড. খলিলুর রহমান। এর মধ্য দিয়ে বৈশ্বিক কূটনীতির গুরুত্বপূর্ণ এক দায়িত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের।

শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান আগামী ৮১তম অধিবেশনে বিশ্বজুড়ে চলমান সংকট নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সাধারণ পরিষদকে আরও কার্যকর করে তোলার বিষয়ে তাঁর সুনির্দিষ্ট রূপরেখা ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

জাতিসংঘের কার্যসূচি অনুযায়ী, শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।

১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই উদ্বোধনী বৈঠকের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হবে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের কার্যক্রম।

বিশ্বের নানা প্রান্তে যুদ্ধ, সংঘাত, জলবায়ু সংকট ও উন্নয়ন চ্যালেঞ্জ যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময়ে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্বে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অভিষেক আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য নতুন তাৎপর্য বহন করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।